১৪১ বলে ৩১৪! ক্রিকেট নয়, ভিডিও গেমস!

তবুও, সেই অবহেলাই যেন জ্বালানি হয়ে উঠেছে এই ইনিংসের। হারজাস বলেন, ‘গত এক-দুই মৌসুমে আমি বাইরের অনেক বিষয় নিয়ে চিন্তা করছিলাম। এখন শুধু নিজের খেলাতেই মন দিচ্ছি। আজ মনে হচ্ছে, এটাই সঠিক পথ।’ কে জানতো, সঠিক পথে এতটা প্রকাণ্ড হয়ে জ্বলে উঠবেন হারজাস।

সিডনির মাঠে যেন আগুন ঝরিয়েছেন হারজাস সিং! সত্যিকারের ক্রিকেট নয়, এ যেন ভিডিও গেমস। প্রাটেন পার্কের ছোট্ট মাঠটা শনিবার রূপ নিয়েছিল হারজাসের ব্যাটিং সাম্রাজ্যে। গেল বছর দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের হয়ে বিশ্বকাপ জেতা হারজাস এমন একটা ইনিংস খেললেন, যা দেখে বিশ্বাস করা কঠিন।

১৪১ বলে করলেন ৩১৪ রান! ৩৫টি ছক্কা! এ যেন সাধারণ কোনো স্কোরকার্ড নয়, এক নিখাদ ব্যাটিং উন্মাদনা। ওয়েস্টার্ন সাবার্বসের হয়ে সিডনি ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিলেন বাঁহাতি ব্যাটার হারজাস। তাঁর ব্যাটে যখন ঝড় বইছিল, তখন দলের সতীর্থদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল মাত্র ৩৭। এমন বৈষম্যও হয়তো ব্যাটিংয়ের অভিধানে বিরল!

এই ইনিংস তাঁকে নিয়ে গেছে ইতিহাসের পাতায়। নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ফার্স্ট গ্রেড ক্রিকেটের শতবর্ষের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি। ১৯০৩ সালে ভিক্টর ট্রাম্পারের ৩৩৫ ও ২০০৭ সালে ফিল জ্যাকসের ৩২১ এর পরেই অবস্থান হারজাস সিংয়ের জ্বলজ্বলে অবস্থান এখন। আর একদিনের ক্রিকেটে—এটাই এখন অস্ট্রেলিয়ার ফার্স্ট গ্রেড প্রিমিয়ার ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

খেলার প্রতিটি মুহূর্তই সরাসবর সম্প্রচার হচ্ছিল ইউটিউবে। দর্শক কম হলেও, যখন হারজাস ছক্কায় তুলে নিলেন নিজের ট্রিপল সেঞ্চুর—তখন প্রাটেন পার্কে যেন এক ক্ষুদ্র বিস্ফোরণ! বাঁহাতি ব্যাটারের নিজেকেও যেন বিশ্বাস হচ্ছিল না। ম্যাচ শেষে ফক্স স্পোর্টসকে বলেন, ‘এটা ক্লিন হিট আমি আগে কখনও করেছি বলে মনে পড়ে না। অফসিজনে আমি পাওয়ার হিটিং নিয়ে অনেক কাজ করেছি। আজ সেটার ফল পেয়ে আমি সত্যিই গর্বিত।’

৭৪ বলে শতরান পূর্ণ করার পর, পরের ৬৭ বলে করেন আরও ২১৪ রান! তাঁর প্রতিটা শটে বল উড়েছে মেঘ ছুঁয়ে—কখনও মিডউইকেট, কখনও লং অনে। মাত্র এক বছর আগেও ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে দলীয় সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ টেস্টেও করেছিলেন সেঞ্চুরি। অবশ্য সেই যাত্রা দীর্ঘ হয়নি।

সেই দলে তাঁর অনেক সতীর্থ ইতোমধ্যে স্টেট ক্রিকেটে জায়গা করে নিয়েছেন—ক্যাপ্টেন হিউ ওয়েবগেন তো মাত্রই কুইন্সল্যান্ডের হয়ে প্রথম শ্রেণির অভিষেকও করে ফেলেছেন। কিন্তু হারজাস সিং নিউ সাউথ ওয়েলসের কোনো চুক্তিতে ঠাই পাননি।

তবুও, সেই অবহেলাই যেন জ্বালানি হয়ে উঠেছে এই ইনিংসের। হারজাস বলেন, ‘গত এক-দুই মৌসুমে আমি বাইরের অনেক বিষয় নিয়ে চিন্তা করছিলাম। এখন শুধু নিজের খেলাতেই মন দিচ্ছি। আজ মনে হচ্ছে, এটাই সঠিক পথ।’ কে জানতো, সঠিক পথে এতটা প্রকাণ্ড হয়ে জ্বলে উঠবেন হারজাস।

Share via
Copy link