পিএসএলে ওরা পাঁচজন

টাইগারদের মূল টি-টোয়েন্টি একাদশের  নিয়মিত চারজন সহ মোট পাঁচজন ক্রিকেটার এবার খেলতে চলেছেন পিএসএল। পাকিস্তানের বুকে এক চিলতে লাল-সবুজের আলোকচ্ছটা।

একটা দুর্ধর্ষ বছর পার করেছিল বাংলাদেশ টি-টোয়েন্টিতে। আর আন্তর্জাতিক পর্যায়ে দলগত পারফরমেন্সের ফলশ্রুতিতে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) বাংলাদেশি খেলোয়াড়দের বেড়েছে আধিক্য। টাইগারদের মূল টি-টোয়েন্টি একাদশের  নিয়মিত চারজন সহ মোট পাঁচজন ক্রিকেটার এবার খেলতে চলেছেন পিএসএল। পাকিস্তানের বুকে এক চিলতে লাল-সবুজের আলোকচ্ছটা।

মোট তিনটি দলে পাঁচজন ক্রিকেটার রয়েছেন বাংলাদেশের। এদের মধ্যে খানিকটা অভাগা রিশাদ হোসেন। ড্রেসিং রুমে বাংলায় কথা বলার জন্য তিনি কাওকে পাচ্ছেন না। কেননা নবাগত দল পিন্ডিজে তো তিনি একাই আছেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে। নাহিদ রানা এদিক থেকে অবশ্য নিজেকে একটু ভাগ্যবান ভাবতেই পারেন।

টুর্নামেন্ট শুরুর কিছুদিন আগে হুট করেই তার দল পেশওয়ার জালমি শরিফুল ইসলামকে দলে নিয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রীতিমত রেকর্ড গড়েছিলেন তিনি। ২৬ খানা উইকেট যুক্ত হয়েছিল তার ঝুলিতে। স্বাভাবিকভাবে তার চাহিদা বাড়ার কথা ছিল। কিন্তু নিলামে অবিক্রীত শরিফুলকে সরাসরি চুক্তিভুক্ত করেছে।

তিনিই পঞ্চম ক্রিকেটার হিসেবে বাংলাদেশি খেলোয়াড়দের সংখ্যাটা বাড়িয়েছেন। নিলামের আগে থেকে মুস্তাফিজুর রহমান লাহোর কালান্দার্সে ছিলেন। সেই দলে তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমনকে যুক্ত করা হয়েছে। রিশাদকে নিলাম থেকেই খরিদ করেছে পিন্ডিজ।

বাংলাদেশি ক্রিকেট ভক্তদের পিএসএলকে ঘিরে আগ্রহ যেন তুঙ্গে। এই তিন দলের খেলোয়াড়দের দিনক্ষণ টুকে রাখছেন পাগলাটে ক্রিকেট ভক্তরা। একে অপরের মুখোমুখি লড়াইটা কেমন জমে- সেটাও দেখার অপেক্ষায় এই তল্লাটের সমর্থকরা। এই খেলোয়াড়দের উপর দায়িত্বও রয়েছে অনেক।

এই পাঁচজন যে যাচ্ছেন এক ঝাঁক ক্রিকেটারদের প্রতিনিধি হয়ে। বরাবরই ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের খেলোয়াড়রা থাকেন উপেক্ষিত। সেই দশা পরিবর্তনের জন্য এই পাঁচজনকে এগিয়ে আসতে হবে, পারফরম করতে হবে। সুযোগের নব দুয়ার উন্মোচিত করতে হবে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link