বৈচিত্র্যময় বোলিংয়ে বাংলাদেশকে নাস্তানাবুদ করবে ভারত

খুব বেশি হেলাফেলা করতে চাইবে না টিম ইন্ডিয়া, বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে তারা। বোলিং আক্রমণে পরিবর্তন হবে, কিন্তু অনড় থাকবে ব্যাটিং অর্ডার।

ক্রিকেটকে আমুল বদলে দিচ্ছে ভারত। মারকাটারি ব্যাটিংয়ের নব জাগরণ সৃষ্টি করেছে দলটি। স্বাভাবিকভাবেই এবারও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম দাবিদার দলটি। সেই যাত্রার শুরুতেই তাদের প্রথম বাঁধা বাংলাদেশ। শক্তিমত্তার বিচারে বাংলাদেশ পিছিয়ে আছে ভারতের চাইতে।

কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত দ্বৈরথ ক্রিকেট উন্মাদনা বাড়িয়েছে বহুগুণে। বাংলাদেশের জয়ের পাল্লা হালকা বটে। তবে ভারতের নাভিশ্বাস তুলে দিয়েছে প্রায় প্রতিবার। তাইতো খুব বেশি হেলাফেলা করতে চাইবে না টিম ইন্ডিয়া, পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে তারা।

রোহিত শর্মার নেতৃত্বে মাঠে নামবে দলটি। ইংল্যান্ড সিরিজের বিপক্ষে খেলা একাদশ থেকে দু’একটা পরিবর্তন আসতে পারে। বোলিং আক্রমণে পরিবর্তন হবে, কিন্তু অনড় থাকবে ব্যাটিং অর্ডার। রোহিত শর্মার আগ্রাসী শুরুর সাথে ব্যালেন্স করে ব্যাটিং করবেন শুভমান গিল। এই জুটি সেট করে দেবে ভারতের ম্যাচের ভাগ্য।

তিন নম্বরে যথারীতি বিরাট কোহলি। আস্থার নাম, কিন্তু পারফরমেন্স দিচ্ছে না বিন্দুমাত্র ভরসা। অফফর্মের গ্যাড়াকলে বন্দী বিরাট। তবুও বড় মঞ্চের বড় খেলোয়াড়, জ্বলে উঠলেই ভষ্ম করে দেবে সকল সমীকরণ। বিরাট ফর্মে না থাকলেও ঠিকই ফর্মে আছেন শ্রেয়াস আইয়ার।

তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নিতে নাকি রীতিমত লড়াই চালিয়েছেন হেড কোচ গৌতম গম্ভীর। সেই আস্থার প্রতিদান দিচ্ছেন তিনি প্রায় প্রতিদিনই। ম্যাচের পরিস্থিতি বিবেচনায় পাঁচ নম্বরে কখনো লোকেশ রাহুল, কখনো আবার অক্ষর প্যাটেলকে ব্যাট করতে দেখা গেছে নিকট অতীতে। এই ধারার ব্যত্যয় ঘটবে না, সেটা প্রায় নিশ্চিত।

সাত নম্বর ব্যাটার হিসেবে ফিক্সড পজিশনে রয়েছেন হার্দিক পান্ডিয়া। শেষের দিকে ম্যাচ ভারতের পক্ষে নিয়ে আসার কাজটা তিনিই সম্পাদন করবেন। বাংলাদেশের বিপক্ষে ভিন্ন কিছু হওয়ার সম্ভবনাও ক্ষীন। এরপরই হয়ত পরিবর্তনের শুরু হবে ভারতের একাদশে। কুলদ্বীপ যাদব বাংলাদেশের জন্যে রীতিমত এক আতঙ্কের নাম। তাকে একাদশে রাখতে চাইবে ভারত।

দুইজন ফ্রন্টলাইন পেসার নিয়ে খেলার সম্ভাবনাই বেশি। মোহাম্মদ শামি অভিজ্ঞতার বিচারে প্রাধান্য পেতে চলেছেন বাংলাদেশের বিপক্ষে। তাকে সঙ্গ দেবেন আর্শদ্বীপ সিং। রইলো বাকি একটা স্পট। বাংলাদেশের একাদশে বা-হাতি ব্যাটারদের আধিক্য রয়েছে।

তাছাড়া দুবাইয়ের উইকেট স্পিন সহায়ক হবে তা প্রায় নিশ্চিত। সেদিক থেকে বাড়তি স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তীকে সুযোগ দিতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশি ব্যাটারদের মিস্ট্রি স্পিনার ভীতি তো নতুন নয়।

আবার অক্ষরের পরিবর্তে রবীন্দ্র জাদেজাকেও খেলাতে পারে। তবে বোলিং আক্রমণ নিশ্চিত করে বলা ভীষণ মুশকিল। গৌতম গম্ভীর কোন পরিকল্পনার ছক কষবেন, তার উপরই নির্ভর করবে একাদশে কোন স্পিনার থাকবেন। ভারতের বৈচিত্র্যময় বোলিং আক্রমণ আর আক্রমণাত্মক ব্যাটিং অর্ডার বাংলাদেশকে ভোগাবে। বাংলাদেশের কাছে আছে কি ভারতের কোন উত্তর?

ভারতের (সম্ভাব্য) একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী, মোহাম্মদ শামি, আর্শদ্বীপ সিং, কুলদ্বীপ যাদব।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link