ফোন চুরি হওয়া তো বেশ স্বাভাবিক আজকের দিনে, কিন্তু ক্রিকেটারদের ফোন চুরি হওয়ার খবর পেলে কেমন মনে হবে? সেটাও আবার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে! অবাক করার মত তথ্য হলেও এমনটাই ঘটেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসা রাচিন রবীন্দ্রের আইফোন চুরি হয়েছে।
সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের একটা ম্যাচে ক্যাচ মিস করে চোটে পড়েছিলেন রবীন্দ্র। বল তাঁর মুখে পড়ায় নাক ফেটে রক্তারক্তি কান্ড ঘটে যায়। লাগোরের একটা হাসপাতালে সেসময় তখন তাঁকে ভর্তি করানো হয়, সেখানেই ঘটে অবিশ্বাস্য এ ঘটনা।
হাসপাতালে ভর্তি থাকাকালীন এই কিউই তারকার ফোন চুরি হয়ে যায়, স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েন তিনি। সেই সাথে প্রশ্ন উঠে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে, এখন পর্যন্ত তাঁর ফোন উদ্ধার করা যায়নি।

এর আগে বাবর আজমও অবশ্য দাবি করেছিলেন তাঁর ফোন চুরি হয়েছে। একটি ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানান তাঁর ফোন হারানো গিয়েছে, সবার কন্টাক্ট নাম্বারও হারিয়ে ফেলেছেন। কিন্তু পরবর্তীতে জানা যায় সেটা মার্কেটিং ক্যাম্পেইনের অংশ ছিল।
তবে রাচিনের ক্ষেত্রে এমনটা ঘটার সম্ভাবনা একেবারে কম। তাই টুর্নামেন্ট আয়োজকরা দ্রুতই ফোন উদ্ধার করতে না পারলে লজ্জার তীব্রতা আরো বাড়বে। যদিও ইতোমধ্যে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, তাই পাকিস্তানের সাইবার ইউনিটের সামর্থ্য নিয়েও প্রশ্ন তোলা যায়।
তবে স্বস্তির শারিরীকভাবে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এই তরুণ, তবে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের একাদশে রাখা হয়নি তাঁকে।











