ট্রাভিস হেডকে রশিদ খানের উপহার

রশিদ খান কি তবে ম্যাচটা নিজ হাতে তুলে দিলেন অস্ট্রেলিয়ার হাতে? ক্যাচ মিস করে কি তিনি আফগানদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন শেষ করে দিলেন?

রশিদ খান কি তবে ম্যাচটা নিজ হাতে তুলে দিলেন অস্ট্রেলিয়ার হাতে? ক্যাচ মিস করে কি তিনি আফগানদের চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন শেষ করে দিলেন? আর যাই হোক, এরকম একটা ম্যাচে আপনি ট্রাভিস হেডের ক্যাচ মিস করতে পারেন না।

তিনি একবার টিকে গেলে কি বিস্ময়করা সব ঝড় তুলতে পারেন – সেটা কে না জানে। রশিদ খান সবই জানেন, সবই বোঝেন। তারপরও তিনি ক্যাচ ফেলে দিলেন। ঘটনার সূত্রপাত চতুর্থ ওভারের প্রথম বলেই।

ফজলহক ফারুকির শর্ট বল, ট্রাভিস হেডের ব্যাটে ভুল টাইমিং—ক্যাচটা যেন উঠেই এসেছিল রশিদ খানের হাতে! কিন্তু অবিশ্বাস্যভাবে মিস করলেন আফগান কিংবদন্তি। রশিদ খান অভিজ্ঞ ক্রিকেটার, আফগানদের বরপূত্র। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ান। সাধারণত এমন ক্যাচ তাঁর হাত থেকে ছুটে যাওয়ার কথা নয়, কিন্তু এবার তালগোল পাঁকিয়ে ফেললেন।

মিড-অন থেকে বাঁ দিকে দৌড়ে এসে ক্যাচ নিতে গিয়েছিলেন, মনে হচ্ছিল, পুরোপুরি নিয়ন্ত্রণে আছেন। কিন্তু শেষ মুহূর্তে নিচু হয়ে ‘রিভার্স কাপ’ করতে গিয়ে হাত ফসকে ফেললেন বলটা! মুহূর্তেই হতাশায় মুখ চেপে ধরলেন রশিদ—এই ক্যাচ হাতছাড়া করে কি ম্যাচটাই হারিয়ে বসবে আফগানিস্তান?

সামনে তো সেই ট্রাভিস হেড, যে একবার সুযোগ পেলে পুরো ম্যাচের গল্প বদলে দিতে পারে! আফগান শিবির কি এবার হেডের তাণ্ডব দেখবে? হ্যাঁ, লাহোরের ময়দানে হেড তাণ্ডবই দেখাচ্ছেন। একের পর এক চার ছক্কার পসরা সাজিয়ে বসেছেন।  ম্যাথু শর্টের সাথে মাত্র চার ওভার তিন বলে তিনি ৪৪ রানের জুটি গড়েন। ওভার প্রতি রান রেট ছিল ১০। ম্যাথু শর্টকে নাভিন উল হক ফিরিয়ে দিলেও স্টিভেন স্মিথকে সাথে নিয়ে ঝড় বলবৎ রাখেন ট্রাভিস হেড!

Share via
Copy link