শচীনকে আউট করে ক্ষমা চাইলেন প্রোটিয়া স্পিনার

কিংবদন্তিদের নিয়ে আয়োজিত লিগে নিজেদের প্রিয় খেলোয়াড়ের খেলা দেখাটাই মূল আকর্ষণ। নস্টালজিয়ায় ভাসতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকেই। শচীন টেন্ডুলকার অবশ্য এখনো নিজের নামের সঙ্গে বড় ইনিংস যোগ করতে পারেননি এবারের টুর্নামেন্টে, আগামী ম্যাচগুলোতে হয়তো সেটা করতে পারবেন তিনি।

ব্যাটারকে আউট করে কত রকমের উদযাপনই তো করেন বোলাররা, কিন্তু ক্ষমা চাওয়া? সেটা বোধহয় কেউ অসম্ভব কল্পনাতেও ভাবেনি। তবে ব্যাটার যদি হন স্বয়ং ক্রিকেট ঈশ্বর নিজেই, তখন ব্যতিক্রমী কিছু ঘটাই তো স্বাভাবিক। এইতো ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ টি-টোয়েন্টিতে শচীন টেন্ডুলকারকে আউট করে ক্ষমা চেয়েছেন প্রোটিয়া তারকা থান্ডি শাবালালা।

বিসিএ স্টেডিয়ামের বয়স খুব বেশিদিন হয়নি, প্রথমবারের মত সেখানে খেলতে এসেছেন শচীন। তাই স্বাগতিক দর্শকদের উন্মাদনার পুরোটা ছিল তাঁকে ঘিরে। সেই উন্মাদনা আরো বেড়ে যায় যখন তিনি ব্যাটিং এসেই দারুণ একটা চার আদায় করে নেন।

কিন্তু বিধি বাম, দর্শকদের সব আনন্দ মাটি করে দিয়েছেন শাবালালা। ইনিংসের তখন মাত্র তৃতীয় ওভার, ছয় রানে ব্যাট করতে থাকা ভারতীয় কিংবদন্তিকে কট অ্যান্ড বোল্ডের সাহায্যে প্যাভিলিয়নের পথে ফেরত পাঠান তিনি। সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে যায় পুরো গ্যালারি, নেমে আসে অদ্ভুত নীরবতা।

তবে আসল ঘটনা ঘঢে খানিক সময় পরে, বোলিং শেষ করে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে যান এই স্পিনার। এরপর দর্শকদের উদ্দেশ্যে বারবার হাত তুলে ক্ষমা চান তিনি, বুঝিয়ে দেন তাঁদের অনুভূতির প্রতি পূর্ণ সহমর্মিতা আছে তাঁর। কি জানি, হয়তো তিনি নিজেও মনের অজান্তে শচীনের ব্যাটিং দেখতে চেয়েছিলেন।

তবে সেটা হয়নি, লিটল মাস্টার ফিরে গিয়েছেন দ্রুতই। যদিও তাতে ভারতের জয় আটকে থাকেনি। দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেয়া ৮৬ রানের লক্ষ্য আট উইকেট হাতে রেখে খুব সহজেই টপকে গিয়েছে দলটা। এর ফলে আইএমএলে সবার উপরে উঠে আসলো তাঁরা।

কিংবদন্তিদের নিয়ে আয়োজিত লিগে নিজেদের প্রিয় খেলোয়াড়ের খেলা দেখাটাই মূল আকর্ষণ। নস্টালজিয়ায় ভাসতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকেই। শচীন টেন্ডুলকার অবশ্য এখনো নিজের নামের সঙ্গে বড় ইনিংস যোগ করতে পারেননি এবারের টুর্নামেন্টে, আগামী ম্যাচগুলোতে হয়তো সেটা করতে পারবেন তিনি।

Share via
Copy link