ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই ঋষাভ পান্ত ছিলেন দিল্লী ক্যাপিটালসের। কিন্তু, এবার সেই দিল্লীর বিপক্ষেই মাঠে নামলেন। নিজের পুরনো দল মানেই সেই দলে এক গাদা বন্ধু আছে ঋষাভ পান্তের। অক্ষর প্যাটেলও তাই। তাই তো, টস করতে নেমে অক্ষরের সাথে মজা করতে গিয়ে রীতিমত হাতাহাতি করলেন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক।
হোম ক্যাপ্টেন অক্ষর প্যাটেল কয়েন ছুড়ে মারলেন। পান্ত ‘হেডস’ ডাকলেন। টস জিতলেন অক্ষর, দিল্লীর অধিনায়ক। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে চান। কিন্তু, ঋষাভ পাশে থেকে হাত ধরে রেখে বলছেন, বল ব্যাটিং নিবি! না, অক্ষর সিদ্ধান্ত পাল্টালেন না। মুরালি কার্তিকের সামনে এসে বললেন, তাঁর দল বোলিং করে রান তাড়া করতে চায়।

কারণটা পরিস্কার। বিশাখাপটনমে শিশির দ্বিতীয় ইনিংসে বড় একটা ভূমিকা রাখবে। তাই ঝুঁকি নিতে চান না অক্ষর। ঋষাভ পান্তের দুষ্টুমি মাখা মিষ্টি কথায় তিনি ভুলতে নারাজ। বোঝাই যাচ্ছে, টস জিতলে পান্তও বোলিংই নিতেন।
পান্ত ক্যারিয়ারের শুরু হয় দিল্লীর হয়ে। এবার তিনি বিপক্ষ দলের অধিনায়ক। এ যেন খোদ থিয়েরি অঁরি বার্সেলোনোর হয়ে মাঠে নামছেন, প্রতিপক্ষ আর্সেনাল। দলের চেয়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে তাঁর বোঝাপড়া ভাল।











