বাক্সবন্দী রোহিতের সফেদ আকাশ

মাত্র ৬৭টি টেস্ট ম্যাচ খেলেই তিনি বিদায় নিলেন। অফফর্মের ভয়াল থাবা তাকে খানিকটা আগেভাগেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

কি অবলীলায় বিদায় বলে দিলেন রোহিত শর্মা! প্রশ্নবাণে জর্জরিত হওয়ার আগেই নিজেকে গুটিয়ে নিলেন। বর্ণাঢ্য এক টেস্ট ক্যারিয়ারের ইতি টেনে দিলেন ‘দ্য হিটম্যান’। ক্রিকেটের বনেদী সংস্করণে তাকে আর দেখা যাবে না। ধুলোর আস্তরণে সাদা পোশাক কলুষিত হওয়ার আগেই তুলে রাখলেন সযতনে।

দীর্ঘ এক যুগ ধরে লেখা গল্পের শেষ অধ্যায়টা হল না ততটাও বর্ণালি। মাঠ থেকে বলা হল না বিদায়। সাদামাটা এক বার্তায় নিজের বিদায়ের কথা লিখে ফেললেন অকপটে। ‘আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে আমার দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্যে ছিল প্রচণ্ড সম্মানের বিষয়। সকলের সমর্থন ও ভালবাসার জন্যে ধন্যবাদ।’

ব্যাস! স্রেফ এতটুকুতেই সুবিশাল এক আকাশকে বাক্সবন্দী করে ফেললেন রোহিত শর্মা। এক যুগের টেস্ট ক্যারিয়ারে ৪৩০১ রান, ১২টি সেঞ্চুরি, ১৮টি হাফসেঞ্চুরি সবকিছু এক লহমায় থমকে গেল। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে পুল শটের দেখা মিলবে না হিটম্যানের ব্যাট থেকে। রেডচেরি হাতে বোলারদের শাসনের মুখে দাঁড়িয়ে, শর্মা জি কা বেটা আর শোনাবেন না পালটা আক্রমণের গান।

মাত্র ৬৭টি টেস্ট ম্যাচ খেলেই তিনি বিদায় নিলেন। অফফর্মের ভয়াল থাবা তাকে খানিকটা আগেভাগেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। একটা গুঞ্জন ছিল- তাকে সরানো হবে ভারতের টেস্ট অধিনায়কত্ব থেকে। সেই গুঞ্জন সত্যি হওয়ার আগে সসম্মানে তিনি ছেড়েছেন নিজের দায়িত্ব। এখানেই রোহিতের মানসিকতার পরিচয়। এতেই ফুটে ওঠে রোহিত শর্মার শ্রেষ্ঠত্ব।

ময়দানে সম্মান অর্জন করে নেওয়া রোহিত, অযথাই খোয়াতে চাননি বহুদিনের অর্জিত সম্পদ। বহু কাঠখড় পুড়িয়ে তবেই তো তিনি এসেছেন এতটা পথ। বয়স বেড়েছে, শরীরে ধরেছে ক্ষয়। জোর করে কি আর ভালবাসা হয়! তাইতো ছেড়ে দেওয়াই উত্তম।

সেই উত্তম পন্থাই তিনি বেছে নিলেন। গেল বছর তার বাজে ফর্মের ব্যাপক সমালোচনা আবারও মাথাচাড়া দিয়ে উঠছিল। কিন্তু সেসব এখন অপ্রয়োজনীয়। টেস্ট ক্রিকেটে রোহিত এখন কেবলই অতীত। মায়ার বাঁধন চিড়ে তিনি ধীরে ধীরে হাঁটছেন শেষ রেখার পানে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ জয়ের স্বপ্ন লালন করেই আপাতত দিন কাটবে দ্য গ্রেট রোহিত শর্মার।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link