এমএলসি-তে ‘ম্যাক্সওয়েল’ শো

প্রথম ১৫ বলে ১১, পরের ৩৪ বলে ৯৫৷ মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) দেখা গেল 'ম্যাক্সওয়েল শো।' ঝড় তুলেছেন ব্যাট হাতে, প্রতিপক্ষ বোলারদের উপর চালিয়েছেন ধ্বংসযজ্ঞ। সেই সাথে এমএলসির ইতিহাসে ছয়ে নেমে একমাত্র সেঞ্চুরির মালিক এখন তিনি।

প্রথম ১৫ বলে ১১, পরের ৩৪ বলে ৯৫৷ মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) দেখা গেল ‘ম্যাক্সওয়েল শো।’ ঝড় তুলেছেন ব্যাট হাতে, প্রতিপক্ষ বোলারদের উপর চালিয়েছেন ধ্বংসযজ্ঞ। সেই সাথে এমএলসির ইতিহাসে ছয়ে নেমে একমাত্র সেঞ্চুরির মালিক এখন তিনি।

এমএলসির অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়াশিংটন ফ্রিডম বনাম লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন। কিন্তু শুরুটা মোটেও ভালো ছিল না। প্রথম আট ওভারে ৬৮ রানে নেই চার উইকেট! চাপের মুখে দলের হাল ধরতে নামেন গ্লেন ম্যাক্সওয়েল।

শুরুতে ধীরগতির ব্যাটিং, নিজেকে মানিয়ে নিতে সময় নেন কিছুক্ষণ। এরপরই খোলস ছেড়ে বের হন চিরচেনা সেই রূপে। ব্যাট হাতে খেলেন ৪৯ বলের এক দুর্ধর্ষ ইনিংস—২টি চার আর ১৩টি ছক্কায় অপরাজিত ১০৬ রান।

একটা সময় মনে হচ্ছিল, মাঠজুড়ে যেন তাণ্ডব চালাচ্ছেন, আর বোলাররা শুধুই দর্শক। এই ইনিংসের মাধ্যমে ম্যাক্সি শুধু ম্যাচ বদলে দেননি, গড়েছেন ইতিহাসও। এমএলসির ইতিহাসে ছয় কিংবা তার নিচে ব্যাট করে এর আগে কেউ সেঞ্চুরি করতে পারেননি। ম্যাক্সওয়েল সেই নজির স্থাপন করলেন।

তাঁর এই ইনিংসটি শুধু ব্যক্তিগত কীর্তিতেই থেমে থাকেনি, দলকে এনে দেয় ২০৮ রানের বড় সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ছিল যেন সম্পূর্ণ বিপরীত মেরুতে। পুরো দল গুটিয়ে যায় মাত্র ৯৫ রানে। ১১৩ রানের বিশাল জয় তুলে নেয় ওয়াশিংটন ফ্রিডম।

এই ইনিংসে ম্যাক্সওয়েল ১৩টি ছক্কা হাঁকিয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার মালিক হয়েছেন। তার আগে শুধু ফিন অ্যালেন, যিনি এবারের আসরের উদ্বোধনী ম্যাচে ওয়াশিংটনের বিপক্ষেই হাঁকিয়েছিলেন ১৯টি ছক্কা।

আইপিএলের আসর ভালো কাটেনি। কিছুদিন আগেই ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় বলেছেন। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও যে সাবলীল ম্যাক্সওয়েল, এখনও যে ঝড় তুলতে পারেন বাইশ গজে, তা যেন আবারও প্রমাণ করলেন এমএলসি-র মঞ্চে!

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link