সাত বছর আগে করুণ নায়ারকে একপ্রকার ধাক্কা দিয়ে মাটিতে ফেলেছিলেন বিরাট কোহলি এবং রবি শাস্ত্রী! সেই যন্ত্রণা ভুলে আবারও ভারতীয় জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় এখন নায়ার।
২০১৮ সালের ইংল্যান্ড সফর। সে সময় দলের অধিনায়ক ছিলেন বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রী। সুযোগের খুব কাছাকাছি এসেও যেভাবে তাঁকে সরিয়ে ফেলা হয়েছিল—করুণ মনে করেন, যেন কেউ তাঁকে ঠেলে মাটিতে ফেলে দিয়েছিল।
সেবারও ছিল পাঁচ ম্যাচের সিরিজ, পুরোটা সময় করুণকে রাখা হয়েছিল বেঞ্চেই। পঞ্চম টেস্টে একটুখানি আলো দেখা দিয়েছিল। তখন সবাই ধরেই নিয়েছিল, হয়তো এবার সুযোগ পাবেন করুণ। কিন্তু না, তাঁর পরিবর্তে দলে জায়গা পান হনুমা বিহারী। যিনি সেই সময় মূল স্কোয়াডেই ছিলেন না—তাকে উড়িয়ে আনা হয়েছিল ভারত থেকে।

‘মেইল স্পোর্টস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে করুণ বলেন, ‘তখন মনে হচ্ছিল কেউ যেন আমাকে মাটিতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আর আমি কিছুই বুঝে উঠতে পারছি না। কি করব, কোথায় যাব—কোনো ধারণা ছিল না।
সুযোগ না পাওয়ার খবরটা যখন আমার কানে পৌঁছায়, আমি বুঝতে পারছিলাম না আমার কী করা উচিত, কার সাথে কথা বলব! ঠিক করলাম হেঁটে অক্সফোর্ড স্ট্রিটে যাব। যা পছন্দ তাই কিনব।
শেষ পর্যন্ত আমার মনে হলো, এমন কিছু ঘটার জন্য কেন অপেক্ষা করছি যার উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। বাকি প্রত্যেকটা দিন আমার জন্য জন্য খুব নিষ্ঠুর ছিল। এরপর আমাকে আর দলে নেওয়া হয়নি।’

সাত বছর পর আবার সেই ইংল্যান্ডের মাটিতেই টেস্ট সিরিজ। এবারও দলে রয়েছেন করুণ নায়ার। ঘরোয়া ক্রিকেটে নিজের সক্ষমতা প্রমাণ করে আবারও জাতীয় দলের ডেরায়। এবার সুযোগটা পেলে কি পুরনো অপমানের জবাবটা দিতে পারবেন করুণ নায়ার?











