টেস্ট ক্রিকেট বরাবরই একজন ক্রিকেটারের ধৈর্য, সহনশীলতা আর প্রতিভা পরীক্ষার মঞ্চ। রেকর্ড ভাঙা-গড়া, একে অপরকে ছাড়িয়ে যাওয়া—এসবই আলাদা করে তোলে খেলার মাহাত্ম্য। তাই তো এমন কিছু ইনিংস তৈরি হয় যেগুলো যুগের খাতায় অমলিন রয়ে যায়। চলুন দেখে নেওয়া যাক টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরা পাঁচটি ব্যক্তিগত ইনিংস।
- ব্রায়ান লারা – ৪০০ বনাম ইংল্যান্ড (২০০৪, সেন্ট জনস)
তালিকার শীর্ষে রয়েছেন ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা, যার অপরাজিত ৪০০ রান আজও ইতিহাস। ২০০৪ সালে সেন্ট জনসে ইংল্যান্ডের বিপক্ষে এই ইনিংসে তিনি হাঁকান ৪৩টি চার ও ৪টি ছক্কা। শুধু রানের দিক দিয়েই নয়, প্রেক্ষাপটের দিক থেকেও এই ইনিংসটা স্মরণীয়। তাঁর ৪০০ রানের মাইলফলক আজও আধুনিক ক্রিকেটারদের জন্য এক অপূর্ণ স্বপ্নের নাম!
- ম্যাথু হেইডেন – ৩৮০ বনাম জিম্বাবুয়ে (২০০৩, পার্থ)
লারার রেকর্ড ভাঙার আগে কিছুদিনের জন্য সর্বোচ্চ রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনের। ২০০৩ সালে পার্থে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৩৭ বলে ৩৮টি চার ও ১১টি ছক্কায় ৩৮০ রান করেন তিনি। যা ছিল আগ্রাসী ব্যাটিংয়ের অনন্য নিদর্শন।

- ব্রায়ান লারা – ৩৭৫ বনাম ইংল্যান্ড (১৯৯৪, সেন্ট জনস)
১৯৯৪ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে ব্রায়ান লারার ৩৭৫ রানের ইনিংস ভেঙে দিয়েছিল স্যার গ্যারিফ সোবার্সের বহুদিনের রেকর্ড। এই ইনিংসই প্রথম তাকে ক্রিকেট ইতিহাসের কিংবদন্তিদের কাতারে নিয়ে যায়।
- মাহেলা জয়বর্ধনে – ৩৭৪ বনাম দক্ষিণ আফ্রিকা (২০০৬, কলম্বো)
২০০৬ সালে কলম্বোতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাহেলা জয়বর্ধনের ৩৭৪ রানের ইনিংস ছিল ধীরস্থির ও পরিপক্বতার নিদর্শন। ৫৭২ বলে ৪৩টি চার ও ১টি ছক্কায় গড়া এই ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল ৬৫.৩৮।
- উইয়ান মুল্ডার – ৩৬৭ বনাম জিম্বাবুয়ে (২০২৫, বুলাওয়েও)
সবচেয়ে সাম্প্রতিক সংযোজন দক্ষিণ আফ্রিকার উইয়ান মুলডার। ২০২৫-এ এসে বুলাওয়েওতে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি খেলেন ৩৬৭ রানের অপরাজিত ইনিংস। মাত্র ৩৩৪ বলে ৪৯টি চার ও ৪টি ছক্কায় সাজানো এই ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল ১০৯.৮৮ — যা এই তালিকার সেরা।

একটা সময় এই রানের রেকর্ডকে হয়তো ছাড়িয়ে যাবে কেউ কেউ। তবে সময়ের পাতায় এই ইনিংসগুলো অমলিন হয়ে থাকবে সাদা পোশাকের ক্রিকেট ডায়েরিতে।











