বিরাটকে ‘বাড়তি সুবিধা’ দিয়ে বিপাকে ভারতীয় বোর্ড

কোহলির লন্ডন-ভিত্তিক ফিটনেস টেস্ট একটা বিচ্ছিন্ন ঘটনা হলেও, এটা বিসিসিআইয়ের জন্য প্রশ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেটে আলোচনার বিষয় এখন খেলোয়াড়দের ফিটনেস। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বিরাট কোহলিকে লন্ডনে ফিটনেস পরীক্ষার অনুমতি দেয়। যেখানে জাতীয় দলের বাকি সদস্যরা ব্যাঙ্গালুরুতে এসে পরীক্ষায় অংশ নেন।

এই বছরের শেষের দিকে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক মৌসুমের আগে ফিটনেসের বিষয়ে কড়া নজর দেয় বিসিসিআই। যেখানে রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, শুভমান গিল এবং মোহাম্মদ সিরাজের মতো শীর্ষস্থানীয় খেলোয়াড়রা, ২৯ আগস্ট বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে নিজেদের শারীরিক সক্ষমতার পরীক্ষা দিয়েছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে পরিবারের সাথে ইংল্যান্ডে থাকা কোহলিকে লন্ডনে ফিটনেস পরীক্ষা দেয়ার অনুমতি দেয়া হয়েছে। শুধু মাত্র একজনের ক্ষেত্রে এমন বাতিক্রম সিদ্ধান্ত বাকি খেলোয়াড়দের ভ্রু কুচকানোর কারণ হয়ে দাড়িয়েছে।

টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নেয়া কোহলি কেবল ওয়ানডে ফরম্যটে খেলবেন। আসন্ন অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়া  সিরিজের জন্য তাকে দলের অংশ হিসেবে রাখা হবে বলে আশা করা হচ্ছে। বিসিসিআই ফিজিওথেরাপিস্ট কোচদের একটি দল বোর্ডের কাছে খেলোয়াড়দের ফিটনেস রিপোর্ট জমা দিয়েছে। যার মধ্যে কোহলির লন্ডনে দেয়া ফিটনেস টেস্টের রিপোর্ট অন্তর্ভুক্ত ছিল।

এক সিনিয়র বিসিসিআই কর্মকর্তা সরাসরি এই নিয়মভঙ্গ নিয়ে মন্তব্য না করলেও নিশ্চিত করেছেন, ‘কোহলি অবশ্যই আগাম অনুমতি নিয়েই বিদেশে ফিটনেস টেস্ট দিয়েছেন।’ তবে ঘটনাটি নিয়ে এখন বিতর্ক শুরু হয়েছে। ভবিষ্যতে অন্য খেলোয়াড়দেরও এমন সুবিধা দেওয়া হবে কিনা তা নিয়েও গুঞ্জন উঠছে। বিশেষ করে কেঁউ যদি দেশের বাইরে পুনর্বাসনের মধ্য দিয়ে যান অথবা ব্যক্তিগত কারণে বিদেশে অবস্থান করেন, সেক্ষেত্রে কি তারাও একই রকম ছাড় পাবেন?

পরীক্ষার প্রথম ধাপে মূলত খেলোয়াড়দের প্রাথমিক শক্তি এবং পুনরুদ্ধার প্রক্রিয়ার উপর গুরুত্ব দেওয়া হয়।এই ফিটনেস পরীক্ষায় অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠিত তারকারা। রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি এবং সাঞ্জু স্যামসন। এই টেস্টের দ্বিতীয় সেশনে অংশগ্রহণ করবেন লোকেশ রাহুল, ঋষাভ পান্ত, রবীন্দ্র জাদেজা, নিতিশ রেড্ডি।

কোহলির লন্ডন-ভিত্তিক ফিটনেস টেস্ট একটা বিচ্ছিন্ন ঘটনা হলেও, এটা বিসিসিআইয়ের জন্য প্রশ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফিটনেস পরীক্ষার ক্ষেত্রে ভৌগোলিক নমনীয়তা কি গ্রহনযোগ্য? নাকি এটা শুধুই ব্যতিক্রম?

Share via
Copy link