এশিয়া কাপের সম্ভাব্য পাঁচ তারকা

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই একেবারে দরজায় এসে দাঁড়িয়েছে। প্রস্তুতি পর্ব প্রায় শেষ সব দলের, এবার অপেক্ষাটা মাঠের লড়াইয়ের। তবে এই লড়াইয়ের আগে পাঁচজন ক্রিকেটারের উপর নজর থাকবে সবার। এশিয়া কাপের মঞ্চে বিশেষ এই পাঁচজন কারা চলুন দেখার চেষ্টা করি।

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই একেবারে দরজায় এসে দাঁড়িয়েছে। প্রস্তুতি পর্ব প্রায় শেষ সব দলের, এবার অপেক্ষাটা মাঠের লড়াইয়ের। তবে এই লড়াইয়ের আগে পাঁচজন ক্রিকেটারের উপর নজর থাকবে সবার। এশিয়া কাপের মঞ্চে বিশেষ এই পাঁচজন কারা চলুন দেখার চেষ্টা করি।

  • হাসান নাওয়াজ

পাকিস্তানের মিডল অর্ডারে নির্ভরতা এনে দিয়েছেন হাসান নাওয়াজ। তাঁর আগ্রাসী ব্যাটিং, পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়া আর দ্রুত গতিতে রান তুলতে পারা। সব মিলিয়ে টি-টোয়েন্টির সংস্করণের আদর্শ এক ব্যাটার তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৯ টি-টোয়েন্টি খেলে রান করেছেন ৪৩২, আছে এক সেঞ্চুরিও। তবে তাঁর ১৬৭ এর উপরে থাকা স্ট্রাইক রেট ভয় ধরাবে যে কোন বোলারের মনে।

শুধু তাই নয় ছক্কা হাঁকানোতেও তাঁর রয়েছে বিশেষ পারদর্শিতা। ২০২৩ এর পর থেকে ন্যূনতম ৩০০ রান করা ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম বলে ছক্কা হাঁকানোর দিক থেকে নাওয়াজের অবস্থান চতুর্থতম, ৭.০৩ বল প্রতি আদায় করেছেন একটি করে ছয়। তাই তো এশিয়ার মঞ্চে আগ্রাসন আর ধারাবাহিকতা দিয়ে হাসান সব আলো কেঁড়ে নিতে পারেন।

  • পারভেজ হোসেন ইমন

পরের নামটা পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের ওপেনিংয়ের ধারা যেন বদলে দিয়েছেন তিনি। এবছরে ১১ ম্যাচ খেলে করেছেন ৩০০ রান, ব্যাটিং গড় ৩০। তবে তাঁর স্ট্রাইক রেট ১৫৮.৭৩ যা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার সেরা।

উইকেট যেমনই হোক না কেন ইমন তাঁর আক্রমণাত্মক মেজাজের ব্যাটিং করবেনই। তাই তো উইকেটে একবার থিতু হয়ে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে পারেন নিজের হাতে। এশিয়া কাপের মঞ্চে যা বাংলাদেশকে একপ্রকার বাড়তি সুবিধাই এনে দেবে।

  • মোহাম্মদ ওয়াসিম

আরব আমিরাত দলের সবচেয়ে বড় ভরসার নাম মোহাম্মদ ওয়াসিম। ওপেনিংয়ে তাঁর ভালো শুরুর প্রতীক্ষায় থাকে গোটা দল। তিনিও আস্থার প্রতিদান দিয়ে আসছেন নিয়মিতই। আমিরাত ক্রিকেটের অন্ধকারের আলো যেন তিনি।

আমিরাতের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৮২ ম্যাচ, প্রায় ৩৮ গড়ে রান করেছেন ২৯২২, ক্যারিয়ার স্ট্রাইক রেটটাও ১৫৫.৬৭। শুধু তাই নয় টি-টোয়েন্টি ওপেনারদের মধ্যে ছক্কা হাঁকানোর তালিকায় তাঁর অবস্থান দ্বিতীয়তম। ৮২ ম্যাচে যে সংখ্যাটা ১৮০। তালিকার প্রথম নামটা ভারতীয় গ্রেট রোহিত শর্মা যার নামের পাশে ২০৩ ছয়। অভিজ্ঞতা আর পারফরম্যান্স সবকিছু বিবেচনায় এশিয়া কাপের মঞ্চে আমিরাতের আলোর দিশারী হতে পারেন তিনি।

  • নুয়ান থুসারা

শ্রীলঙ্কার বোলিং লাইনআপে নুয়ান থুসারা এক অন্য মাত্রা যোগ করেছেন। স্লিঙ্গি বোলিং অ্যাকশন আর লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করতে পারা থুসারা ইনিংসের শুরুতেই প্রতিপক্ষ ব্যাটারদের কঠিন পরীক্ষা নেবেন।

২০২৪ সালের পর থেকে ফর্মেও রয়েছেন তিনি। ১৬ ম্যাচ খেলে নিজের ঝুলিতে পুরেছেন ২৩ উইকেট। এবারের এশিয়া কাপে বল হাতে তিনি হতে পারেন দলের তুরুপের তাস।

  • নূর আহমেদ

আফগান ক্রিকেটের আরেক স্পিন সেনসেশন নূর আহমেদ। আমিরাতের কন্ডিশনে এই চায়নাম্যানের বোলিং সামলাতে বেশ বেগ পোহাতে হতে পারে ব্যাটারদের। যদিও জাতীয় দলে নিজেকে সক্ষমতা অনুযায়ী মেলে ধরতে পারেননি। ১৭ ম্যাচে নিয়েছেন মোটে ১২ উইকেট।

তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবছরে শিকার করেছিলেন ২৪ উইকেট, রেখেছেন নিজের প্রতিভার স্বাক্ষর। তাই তো বড় মঞ্চে নিজেকে আরো একবার প্রমাণ করার সুযোগটা হারাতে চাইবেন না নিশ্চয়।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link