এশিয়া কাপের প্রথম বল মাঠে গড়ানোর আগেই উত্তাপ ছড়াল ভারত–পাকিস্তান দ্বৈরথ। অধিনায়কদের প্রথাগত প্রি–টুর্নামেন্ট প্রেস কনফারেন্সেই ধরা দিল সেই রেশ। সেই ব্রিফিং শেষে হ্যান্ডশেক না করেই মঞ্চে থেকেই নেমে গেলেন পাকিস্তানের অধিনায়ক।
সবার চোখ ছিল ভারত অধিনায়ক সুরিয়াকুমার যাদব ও পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘার দিকে। স্বাভাবিকভাবেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে ঘিরেই জমে উঠেছিল প্রশ্নোত্তর পর্ব। কিন্তু শেষ মুহূর্তের এক দৃশ্য ছাপিয়ে গেল সব আলোচনা ও সমালোচনাকে — সালমান আলী আঘা সরাসরি বেরিয়ে গেলেন, সুরিয়াকুমারের সঙ্গে হাত মেলালেন না।

অথচ সুরিয়াকুমার তখন আফগানিস্তানের রশিদ খান, বাংলাদেশের লিটন দাস ও শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কার সাথে করমর্দন আর কোলাকুলিতে ব্যস্ত। এই ‘নো-হ্যান্ডশেক’ মুহূর্তই সামাজিক যোগাযোগমাধ্যমে আগুন ধরিয়ে দিয়েছে। ভক্তরা টুকরো ভিডিও ঘুরিয়ে ফিরিয়ে বিশ্লেষণ করছেন, আসন্ন ভারত–পাকিস্তান ম্যাচের রেশ যেন আগে থেকেই ছড়িয়ে পড়েছে।
প্রেস কনফারেন্সে সুরিয়াকুমারকে জিজ্ঞেস করা হয়, পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলোয়াড়দের আগ্রাসন নিয়ন্ত্রণে রাখবেন কিনা। তিনি সরাসরি বলেন, ‘আগ্রাসন তো মাঠে সবসময়ই থাকবে। জিততে চাইলে আগ্রাসন ছাড়া উপায় নেই।’ অন্যদিকে সালমান আঘা কথা বললেন ভিন্ন সুরে, ভারতকে দিলেন কড়া বার্তা। বললেন, ‘কে কেমন খেলবে সেটা তার নিজস্ব ব্যাপার। আমার দিক থেকে আমি কাউকে কোনো নির্দেশনা দেই না।’

আসছে রবিবারই ভারত–পাকিস্তান মহারণ। তবে মাঠে নামার আগেই এক হাত না মেলানো দৃশ্য যেন ম্যাচের আগুন জ্বালিয়ে দিয়েছে আগেই।










