‘আমি শুধু ভাবছি তোমারা পুরো ম্যাচ ফি পাবে কিনা।’ বেশ খানিকটা ব্যাঙ্গাত্মক ভঙ্গিমায় ভারতের অধিনায়ককে এমন এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন সঞ্জয় মাঞ্জরেকার। এই প্রশ্ন ওঠা অবশ্য মোটেও অস্বাভাবিক নয়। এমন প্রশ্নে সুরিয়া নিজের হাসি আটকে রাখতে পারেননি। হাসিতেই এড়িয়ে গেছেন তিনি উত্তর।
দাপট, আধিপত্য দুই দলের ব্যবধান ঠিক কত- তা সংযুক্ত আরব আমিরাতকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে ভারত। এশিয়া কাপের শিরোপা প্রত্যাশি দলের মতই শক্তি প্রদর্শন করেছে সুরিয়াকুমার যাদবের দল। দুই ইনিংস মিলিয়ে মোটে ১৭ ওভার ৪ বলে ম্যাচ জিতে নিয়েছে তারা। পুরো ম্যাচে পাত্তাই পায়নি আরব আমিরাত।

ভারতের বিপক্ষে সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড গড়েছে দলটি। স্রেফ ৫৭ রানেই গুটিয়ে গেছে তারা। অবশ্য ১৩.১ ওভার পর্যন্ত লড়াই করবার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে গোটা দল। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪.৩ ওভারের মধ্যে ম্যাচ জিতে নেয় ভারত। অভিষেক শর্মার আগ্রাসী ১৬ বলে ৩০ রান ও শুভমান গিলের মারকুটে ৯ বলে ২০- একেবারে পানির মত সহজ জয় এনে দিয়েছে ভারতকে।
তাতে করে ৪০ ওভারের ম্যাচ শেষ হয়েছে পুরোপুরি ১৮ ওভার খেলা হওয়ার আগেই। অর্থাৎ ম্যাচের কোটার ৫৫ শতাংশের বেশি বল গড়ায়নি মাঠে। তাইতো হাস্যরস মিশিয়ে মাঞ্জরেকার জানতে চেয়েছেন ভারত দল তাদের পূর্ণ ম্যাচ ফি পাবে কি-না। এর উত্তরে সুরিয়া বলেন, ‘এ বিষয়ে পরে কথা বলব। তবে হ্যা, ক্লিনিক্যাল পারফরমেন্স করেছে ছেলেরা। দলের কাছ থেকে এটাই ছিল প্রত্যাশিত।’












