হারের মাঝেই প্রাপ্তি—বরুণের টিপস পেলেন ধ্রুব

ভারতের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী মাঠেই ছোট্ট মাস্টারক্লাস দিলেন আমিরাতের তরুণ অলরাউন্ডার ধ্রুব পারাশরকে। অফব্রেক আরও নিখুঁত করার কৌশল বুঝিয়ে দিলেন অভিজ্ঞ এই বোলার।

রহস্যের জাল ছড়িয়ে দিলেন বরুণ চক্রবর্তী। আর সেই জালের মুগ্ধ দর্শক আরব আমিরাতের ধ্রুব পারাশার। মুগ্ধ চোখে দুবাইয়ে ম্যাচ শেষে তিনি টিপস নিলেন ভারতীয় স্পিনারের পাঠশালায়।

এশিয়া কাপে ভারতের সামনে দাঁড়াতেই চোখের সামনে ভরাডুবি দেখল সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ধসের পর মোহাম্মদ ওয়াসিমের দল আর দাঁড়াতেই পরেনি ভারতের সামনে।

দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৭.৪ ওভারেই ম্যাচ শেষ হয়ে যায়। তবে এই হারে ভেঙে পড়েনি দল, বরং শিক্ষা নেওয়ার সুযোগ খুঁজেছে তারা।

ম্যাচ শেষে দেখা গেল ভিন্ন এক ছবি। ভারতের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী মাঠেই ছোট্ট মাস্টারক্লাস দিলেন আমিরাতের তরুণ অলরাউন্ডার ধ্রুব পারাশরকে। অফব্রেক আরও নিখুঁত করার কৌশল বুঝিয়ে দিলেন অভিজ্ঞ এই বোলার।

ধ্রুবের জন্য মাঠে রাতটা অবশ্য ভীষণ খারাপই কাটল। ব্যাট হাতে মাত্র ৭ বলে ১ রান করে শিভাম দুবের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন। বল হাতে এক ওভারে দিলেন ১৩ রান, অভিষেক শর্মার ব্যাটে নাস্তানাবুদ হন। যদিও, বরুণের ছোট্ট এই সেশন ২১ বছর বয়সী ধ্রুব নিশ্চয়ই মনে রাখবেন আজীবন।

প্রথম ম্যাচে ধাক্কা খেলেও আমিরাত এখন সামনে তাকাচ্ছে। ১৫ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ সমমানের দল ওমান। অন্যদিকে ভারত হাই-ভোল্টেজ লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে।

Share via
Copy link