বয়সের কাটা ৩৮-এর কোটায়, এই বয়সে অনেকে ক্রিকেটের পাঠ চুকিয়ে বিদায় বলেন। তবে আসিফ খান আফ্রিদি অপেক্ষায় আছেন পাকিস্তানের জার্সি গায়ে তোলার। পাকিস্তান দলের ঘোষিত টেস্ট সিরিজের প্রাথমিক স্কোয়াডেও ডাক পেয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। যা মাঠে গড়াবে ১২ অক্টোবর। এই সিরিজ সামনে রেখেই ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান দল। যে স্কোয়াডে সবচেয়ে বড় চমক ৩৮ বছর বয়সী আসিফ আফ্রিদি।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে আসিফ বেশ পরিচিত মুখ। ২০০৯ সালে অভিষেকের পর থেকে এখনও খেলে যাচ্ছেন। অর্থাৎ দেড় যুগ ধরে আশা বাঁচিয়ে রেখেছেন জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর।

এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ খেলেছেন ৫৭টি, নামের পাশে উইকেট সংখ্যা ১৯৮। লিস্ট ‘এ’ ক্রিকেটেও ম্যাচ সংখ্যা ৬০, বিপরীতে নিজের ঝুলিতে উইকেট পুরেছেন ৮৩টি।
টি-টোয়েন্টিতেও আছে তাঁর অভিজ্ঞতা। ৮৫ ম্যাচ খেলে নিয়েছেন ৭৮ উইকেট। ইকোনমি প্রায় সাতের কাছাকাছি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ প্রথম খেলতে নামেন ২০২২ সালে। এ বছরে খেলেছেন লাহোর কালান্দার্সের হয়ে। ছিলেন রিশাদ হোসেনের সতীর্থ।
বয়সের ভারটা তাঁকে এখনও টলাতে পারেনি। তাই তো সীমাহীন প্রত্যাশা বুকে চাপিয়ে খেলে যাচ্ছেন। ঘরোয়া ক্রিকেটে পারফর্মও করছেন।

সুযোগটা পেয়েছেন প্রাথমিক স্কোয়াডে। মূল দলে জায়গা করে নিতে পারবেন কি না সেটাও একটা প্রশ্নের জায়গা। তবে স্বপ্নের একেবারে দোড়গোড়ায় এসে দাঁড়িয়েছেন পরিশ্রম আর ভাগ্যের জোরে। বাকি পথটা কেবল অপেক্ষার।











