নাসির হোসেনের পুনর্জন্ম ঘটল এবারের এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে। রংপুর বিভাগের টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন হওয়ার যাত্রায় নাসিরের অবদানও নেহায়েত কম নয়। ফাইনালে তো তার অলরাউন্ডিং নৈপুন্যে রংপুর বেশ সাবলীলভাবেই জিতে নিয়েছে নিজেদের দ্বিতীয় শিরোপা।
নাসির হোসেন বরাবরই ছিলেন বাংলাদেশ ক্রিকেটের এক আলোচিত চরিত্র। মাঠ কিংবা মাঠের বাইরের নানা কাণ্ড তাকে ঘিরে তৈরি করেছিল নানামুখী আলোচনা। তবে মাঝে ছন্দপতনের চূড়ান্ত রুপে তিনি রীতিমত ছিলেন নির্বাসিত। পারফরমেন্সেরও ধার কমেছিল। পারিবারিক কারণে সমালোচিতও হয়েছেন ব্যাপক।
তবে সেসবকে ঝেড়ে ফেলে নাসির আবারও ক্রিকেটার হয়ে আবির্ভূত হয়েছেন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে। টি-টোয়েন্টি ক্রিকেটে ইউটিলিট ক্রিকেটারের অন্যতম উদাহরণ ছিলেন নাসির। ব্যাটে পিঞ্চ হিট, বল হাতে কার্যকর বোলিং, আর সেই সাথে অনবদ্য ফিল্ডিং- এসব কিছুর মিশেলে নাসির ছিলে একজন উজ্জ্বল সম্ভাবনা।

তবে নানা কারণে সেই সম্ভাবনার মৃত্যু ঘটেছে। কিন্তু নিজের সেই সত্ত্বা একেবারেই হারিয়ে ফেলেননি তিনি। এখনও নিজের ভেতরে জমে থাকা অলরাউন্ডারকে কাজে লাগাতে জানেন তিনি দারুণভাবে। ফাইনালের মঞ্চে তিনি বল হাতে পাওয়ার প্লে-তে একটা মেইডেন ওভারও আদায় করে নিয়েছেন। এছাড়া চার ওভারে ১৯ রান খরচা তুলে নিয়েছেন একটি উইকেট।
সেখানেই ক্ষান্ত থাকেননি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর বিভাগের শিরোপা রক্ষার দায়িত্ব নিতে তিনি নেমে গেলেন ওপেনিংয়ে। খেললেন দারুণ কার্যকরি এক ইনিংস। ৩১ বলে ৪৬ রান তুলেছেন তিনি। একটি ছক্কা ছাড়াও পাঁচটি চার এসেছে তার ব্যাট থেকে। ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতক পূর্ণ করতে চেয়েছিলেন তবে সৌম্যর হাতে কাঁটা পড়েন।
তাতে অবশ্য তার আক্ষেপ থাকলেও, শিরোপা জয়ের উল্লাস সেই আক্ষেপের উপর দিয়ে দিয়েছেন আনন্দের প্রলেপ। গোটা টুর্নামেন্ট জুড়েই এমন কার্যকর অলরাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন নাসির হোসেন। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তিনি ব্যাট হাতে। এমনকি বল হাতেও উইকেট শিকারের পাশাপাশি প্রতিপক্ষে রানের নদী শুকিয়ে দেওয়ার কাজটা করেছেন নাসির।

এটাই কি তবে তার পুনর্জন্ম? গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে দলও পাননি নাসির হোসেন। এবারের এনসিএলে তার কার্যকর পারফরমেন্স অন্তত দলগুলোকে ভাবতে বাধ্য করবে তাকে নিয়ে। জাতীয় দল না হোক, অন্তত ঘরোয়া ক্রিকেটে আরও এক দাপুটে প্রত্যাবর্তনের অপেক্ষা ডানহাতি এই অলরাউন্ডার।











