নয়া গেম চেঞ্জার খুঁজছে ভারত

তিনজনের মধ্যে যে কেউই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, আর ঠিক সেই কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগেই ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায়— কে হবেন ভারতের নতুন এক্স-ফ্যাক্টর?

তারুণ্যের জয়োগান গেয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের রোমাঞ্চকর সিরিজে নামতে প্রস্তুত টিম ইন্ডিয়া। তারুণ্য আর অভিজ্ঞতার মিশ্রণে গড়া দলে কয়েকজন ক্রিকেটার রয়েছেন, যারা হতে পারেন সিরিজের গেমচেঞ্জার— ব্যাট হাতে বা বল হাতে মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তারা।

সবচেয়ে বেশি আলোচিত চরিত্র তরুণ অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি। এখনও ভারতের হয়ে ওয়ানডে অভিষেক হয়নি তাঁর, কিন্তু হার্দিক পান্ডিয়ার চোটের কারণে এই সিরিজই হতে পারে রেড্ডির বড় সুযোগ। ২০২৪ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তাঁর পারফরম্যান্স এখনো ক্রিকেটপ্রেমীদের মনে টাটকা।

২২ বছর বয়সী এই ক্রিকেটার ব্যাট করতে নেমে একের পর এক ইনিংসে দলকে উদ্ধার করেছেন, ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামলে জয় ছিনিয়ে নেওয়ার ক্ষমতা দেখিয়েছেন। ব্যাট হাতে আগ্রাসী হলেও রেড্ডি জানেন ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে হয় কীভাবে। পাশাপাশি, মিডিয়াম পেস বোলিংয়েও তিনি যুক্ত করতে পারেন বাড়তি মাত্রা।

লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর নামের পাশে ১৫ ইনিংসে ৪০৩ রান, গড় ৩৬.৬৩, যেখানে রয়েছে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরি। বল হাতে ২০ ইনিংসে নিয়েছেন ১৪টি উইকেট। সব মিলিয়ে ব্যাট-বলের ভারসাম্যই তাঁকে ভারতের সম্ভাব্য এক্স-ফ্যাক্টর করে তুলছে।

ভারতক দলে ভারসাম্য এনে দেওয়ার কাজটা করতে পারেন ওয়াশিংটন সুন্দরও। অভিজ্ঞ এই তরুণ অলরাউন্ডার ইতোমধ্যেই টেস্ট ক্রিকেটে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ওয়ানডে ফরম্যাটেও তাঁর সংযুক্তি দলের জন্য হতে পারে বিশেষ গুরুত্বপূর্ণ।

অফ-স্পিনে পাওয়ারপ্লে থেকে শুরু করে মাঝের ওভার পর্যন্ত নির্ভরযোগ্য সেনানি হতে পারেন তিনি, বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দলে যেখানে একাধিক বাঁহাতি ব্যাটার থাকে— তাদের বিপক্ষে সুন্দর হতে পারেন মারাত্মক কার্যকর। ব্যাট হাতে তিনিও নির্ভরযোগ্য, কখনও ইনিংস গড়ার ভূমিকায় আবার প্রয়োজনমতো বড় শট খেলতে পারেন সুন্দর।

ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৩ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন ৪.৮৪ ইকোনমি রেটে, আর ব্যাট হাতে করেছেন ৩২৯ রান গড় ২৩.৫ ও স্ট্রাইক রেট ৮৩.৫। তাঁর ঠাণ্ডা মাথা, বুদ্ধিদীপ্ত বোলিং ও প্রয়োজনের সময়ে অবদান রাখার ক্ষমতা তাঁকে ভারতের আরেক ‘গেমচেঞ্জার’ করে তুলছে।

তৃতীয় নাম যশস্বী জয়সওয়াল, যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা। মাত্র একটি ওয়ানডে ম্যাচ খেলা এই বাঁহাতি ওপেনার ইতোমধ্যেই টেস্ট ও আইপিএলে নিজের ব্যাটিং ঝলক দেখিয়েছেন। তাঁর আক্রমণাত্মক মানসিকতা ও দ্রুত রানের তাড়না যে কোনো দলের বোলিং আক্রমণকে চাপে ফেলে দিতে পারে।

ইনিংসের শুরুতেই পেসারদের উপর চড়াও হয়ে ম্যাচের গতি বদলে দেওয়ার দক্ষতা রয়েছে তাঁর মধ্যে। লিস্ট ‘এ’ ক্রিকেটে জয়সওয়ালের রেকর্ড দারুণ— ৩৩ ইনিংসে ১৫২৬ রান, গড় ৫২.৬২, সঙ্গে ৫টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরি। ধারাবাহিকতা ও বড় ইনিংস গড়ার মানসিকতা তাঁকে করে তুলেছে ভারতের নির্ভরযোগ্য ওপেনার।

সব মিলিয়ে এই সিরিজে রোহিত-বিরাটের অভিজ্ঞতার পাশে নিতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর ও যশস্বী জয়সওয়ালের মতো তরুণদের পারফরম্যান্স হতে পারে ভারতের আসল আকর্ষণ। এই তিনজনের মধ্যে যে কেউই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, আর ঠিক সেই কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগেই ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায়— কে হবেন ভারতের নতুন এক্স-ফ্যাক্টর?

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link