ব্যাটে-বলে মোহাম্মদ নাওয়াজ একাই লড়ে গেলেন। পুরো ম্যাচ একজন যোগ্য সঙ্গী খুঁজে বেড়ালেন। কিন্তু, পেলেন না। ফলাফল, রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫৫ রানে হারল পাকিস্তান দল। করবিন বশ ১৪ রানে চার উইকেট নিয়ে নায়ক বনে যান।
ব্যাটিং ট্র্যাকে ১৯৫ রান তাড়া করা কঠিন কিছু ছিল না। কিন্তু, সেই কাজটা করতে পারেনি সালমান আলী আঘার দল। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তাঁরা। টপ অর্ডারে সায়িম আইয়ুব রানে ফিরলেও, বাকিরা ছিলেন ব্যর্থ। বাবর আজম প্রত্যাবর্তনের ম্যাচে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।

সালমান আঘার ব্যর্থতা আগের মতই থাকল। সাত বলে দুই রান করেন তিনি। ৮৯ রান করতেই সাত উইকেট হারানো পাকিস্তান রান তাড়ার লড়াইয়ে কখনও ছিলই না।
এই মাঠে প্রথম ইনিংসের গড় রান ২১০। সেখানে নয় উইকেট হারিয়ে ১৯৪ রান করে সন্তুষ্ট থাকতে হয় প্রোটিয়াদের। শেষ পাঁচ ওভারে মাত্র ৪২ রান করে দক্ষিণ আফ্রিকা। হারায় চারটি উইকেট। আর এই ক্ষেত্রটা তৈরি করে দেন মোহাম্মদ নাওয়াজ।

চার ওভার বোলিং করে ২৬ রান দিয়ে নেন তিন উইকেট। পরে ২০ বল খেলে করেন ৩৬ রান। ১১ বল বাকি থাকতে মাত্র ১৩৯ রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান। এশিয়া কাপের পর ব্যর্থতার সেই পুরনো ধারাই ধরে রাখল পাকিস্তান দল।










