৫৫ ম্যাচ বেশি খেলে তবেই সাকিব আল হাসানকে ছুঁতে পেরেছেন রোহিত শর্মা। দু’জনের নামের পাশে এখন সমান ৪৫ বার ম্যাচ সেরার পুরস্কার! আন্তর্জাতিক ক্রিকেটে যা সপ্তম সর্বোচ্চ পুরস্কারজয়। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের পদচারণা নেই দেড় বছরের মতো, তবুও তাঁর কীর্তি আজও অমলিন।
দেশের ক্রিকেটের গণ্ডি পেরিয়ে সাকিবই তো ছড়ি ঘুরিয়েছেন বিশ্ব ময়দানে। রথী-মহারথীদের সঙ্গে লড়াই করেছেন চোখে চোখ রেখে। অন্ধকারে মশাল জ্বালিয়েছেন একা হাতে, দেখিয়েছেন পথ।
কখনো ব্যাট হাতে দলের প্রয়োজনে হাল ধরেছেন, কখনো বা বল হাতে প্রতিপক্ষকে কাবু করেছেন ঘূর্ণি জাদুতে। নাম লিখিয়েছেন সেরাদের কাতারে। যে কীর্তি তিনি গড়ে গেছেন, তা আজও অনেকের কাছে অধরা স্বপ্ন।

আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব খেলেছেন ৪৪৭ ম্যাচ। কত রান আর উইকেটের পাহাড়ই তো জমা করেছেন নামের পাশে। যেখানে ম্যাচসেরার খেতাব পেয়েছেন ৪৫ বার।
এবার ভারতীয় গ্রেট রোহিত শর্মা ভাগ বসালেন সাকিবের আসনে। অস্ট্রেলিয়ার সঙ্গে অনবদ্য সেঞ্চুরি হাঁকানোর পর রোহিত ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ৪৫ বারের মতো। অর্থাৎ সাকিবের সমান সংখ্যক। তবে আসন এক হলেও দু’জনের মাঝে রয়েছে বিস্তর ফারাক। সাকিবের কীর্তিতে ভাগ বসাতে রোহিতকে ৫৫ ম্যাচ বেশি খেলতে হয়েছে।
সাকিব আল হাসান তো এমনই, তাঁকে ছোঁয়াটা যে সহজ কাজ নয়। যত চেষ্টাই করুন না কেন, একটা ব্যবধান থেকেই যাবে। তাই তো তিনি না থেকেও থাকেন। আলোচনার টেবিল, খেলার মাঠ কিংবা পরিসংখ্যানের পাতায়—সাকিব এখনও আছেন সব জায়গায়।












