উপেক্ষিত রিশাদ এখন হুকুমের এক্কা

টেস্ট খেলুড়ে দেশের বোলারদের মধ্যে, ২০২৫ সালে এখন অবধি টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের রিশাদ।

রিশাদ হোসেন, চলতি বছরে সাদা বলের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন তিনি। বাংলাদেশের পক্ষে দুই ফরম্যাট মিলিয়ে ৪৬ উইকেট গিয়েছে তার পকেটে। সম্ভাবনা প্রবল সংখ্যাটাকে অর্ধশতকের গণ্ডি ছাড়ানোর। অথচ এই রিশাদই এক সময় ছিলেন উপেক্ষিত।

রিশাদ হোসেনের এই উত্থানের পেছনের কৃতীত্ব দাবি করতেই পারেন, বহুল আলোচিত-সমালোচিত সাবেক কোচ চান্ডিকা হাতুরুসিংহে। কেননা লেগ স্পিনারের আবেদনটা তিনি ধরতে পেরেছিলেন। বাংলাদেশেও যে একজন কার্যকর লেগ স্পিনার গড়ে তোলা সম্ভব, সে বিশ্বাসটা তিনিই রেখেছিলেন।

বাংলাদেশের কোচিং প্যানেলে প্রথম দফায় তিনি সেই অর্থে সফলতার মুখ দেখেননি। তানভীর হায়দার, জুবায়ের হোসেন লিখনদের লম্বা রেসের ঘোড়া বানাতে পারেননি হাতুরু। তবে রিশাদকে ঠিকই বানিয়েছেন। এক্ষেত্রে অবশ্য নাজমুল হোসেন শান্তরও কৃতীত্ব প্রাপ্য। সাদা বলের অধিনায়ক হিসেবে তিনি আস্থা রেখেছিলেন রিশাদের উপর। সেই আস্থাই এখন রিশাদকে অন্যতম শিকারি ঘূর্ণি জাদুকরে পরিণত করেছে।

এমনকি টেস্ট খেলুড়ে দেশের বোলারদের মধ্যে, ২০২৫ সালে এখন অবধি টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের রিশাদ। ২৯টি উইকেট রয়েছে তার ঝুলিতে। এছাড়াও রিশাদ প্রতিনিয়ত নিজের অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করার দিকেও রেখেছেন পূর্ণ মনোযোগ। গুগলি করতে না বলে, অবজ্ঞার এক সুপ্ত সমালোচনায় তাকে বিদ্ধ করা হত। মুশতাক আহমেদের তত্বাবধানে সেই গুগলি রপ্ততেও বিশেষ মনোযোগি হয়েছেন রিশাদ।

রিশাদের এই শেখার ইচ্ছেই বরং তাকে আরও বেশি শক্তিশালী করে গড়ে তুলছে প্রতিনিয়ত। শুধু টি-টোয়েন্টি নয়, ওয়ানডেতেও রিশাদ বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি। ১৭টি উইকেট বাগিয়েছেন তিনি স্রেফ সাত ম্যাচে। তবে রিশাদের পরিপূর্ণ বিকাশ ঘটতে পারে সাদা পোশাকে। দীর্ঘক্ষণ একটা চ্যানেল ও একটি স্পটে বোলিং করার একাগ্রতা, তাকে বানিয়ে দিতে পারে আরও বেশি ভয়ংকর।

তাইতো রিশাদের উচিত এখন, টেস্ট ক্রিকেটেও খানিকটা নজর দেওয়া। ঘরোয়া সার্কিটে প্রথম শ্রেণির ক্রিকেটে সুযোগ পেলেই খেলতে নামা উচিত রিশাদের। নতুবা লেগ স্পিনের এই অগ্রযাত্রা একটা নির্দিষ্ট সময়ের পর থমকে যেতে পারে। রিশাদ অন্তত তেমন পথপ্রদর্শক হতে চাননা নিশ্চয়ই। দেশের আনাচে-কানাচে লেগ স্পিন শিল্পকের আকড়ে ধরা শিশু-কিশোরদের জন্য তিনিই তো রোলমডেল।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link