‘ভয়’ নিয়ে ক্রিকেট খেলে ভারত

আসছে ২২ নভেম্বর গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় টেস্টে নামবে ভারত। কলকাতার এই ধাক্কা থেকে তারা শিক্ষা নিতে পারে কি না, নাকি একই স্পিন দুর্বলতা আবারও সামনে আসবে—এখন সেদিকেই তাকিয়ে আছে ক্রিকেটবিশ্ব।

একটা হারই যেন পুরো ভারতীয় ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতা টেস্টে নিজেদের বানানো স্পিন ফাঁদেই ধরা পড়ে গেলো ভারত। মাত্র ১২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অলআউট ৯৩—এর পর থেকেই দলটিকে ঘিরে সমালোচনায় মেতে উঠেছে ক্রিকেটবিশ্ব। সেই স্রোতে যোগ দিলেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফও। তাঁর অভিযোগ—ভারতের ক্রিকেটাররা এখন জাতীয় দলে খেলেন ভয় নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে নয়।

ইডেন গার্ডেনের সেই ম্যাচে স্পষ্ট হয়ে গেছে ভারতের ব্যাটিং দুর্বলতা। একসময় ঘরের মাঠে স্পিনের বিরুদ্ধে অদম্য ছিল ভারত, এখন নিজেরাই নিজেদের ফাঁদে পড়ে হারছে। কোচ গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর ঘরের মাঠে খেলা আট টেস্টে এটি ভারতের চতুর্থ হার—যা আরও জ্বালাময় করে তুলেছে সমালোচনাকে।

নিজের ইউটিউব চ্যানেলে কাইফ বলেন, ‘দলে এখন আগের মতো আস্থা কিংবা স্থায়িত্ব নেই। যে-ই মাঠে নামুক, তার মধ্যে সেই নিরাপত্তাবোধ দেখা যায় না। বরং সবাই ভয় নিয়ে খেলছে, ভুল করলে দলে জায়গা হারানোর আতঙ্কে ভুগছে। আর এই ভয় নিয়েই নাকি ব্যাট করতে নামছেন সব ক্রিকেটার, যা পারফরম্যান্সে বাজেভাবে প্রভাব ফেলছে।’

তার বক্তব্যকে আরও স্পষ্ট করতে তিনি উদাহরণ টেনেছেন সরফরাজ খান ও সাই সুদর্শনের। নিউজিল্যান্ডের বিপক্ষে সরফরাজ সেঞ্চুরি করেছিলেন, কিন্তু পরের সিরিজে অস্ট্রেলিয়া সফর থেকেই উধাও হয়ে গেলেন জাতীয় দল থেকে। সাই সুদর্শনের ক্ষেত্রেও একই গল্প—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৭ ও ৩৯ রান করে দারুণ পারফরম্যান্স দেখালেও কলকাতা টেস্টে একাদশে জায়গা হয়নি তাঁর। কাইফ বলছেন, এমনভাবে অনিশ্চয়তা সৃষ্টি হলে কোনো ব্যাটসম্যানই স্বাধীনভাবে খেলতে পারে না।

স্পিন উইকেটে খেলতে নামলে ব্যাটারদের আত্মবিশ্বাস আরও বড় পরীক্ষা দেয়। আর সেই পরীক্ষাতেই ভারত ব্যর্থ—কারণ পেছনে নেই ভরসা, নেই বিশ্বাস। কাইফের মতে, ভারতীয় দলে এখন এক ধরনের দ্বিধা আর ভয় কাজ করছে, যা পারফরম্যান্সকে তছনছ করে দিচ্ছে। আসছে ২২ নভেম্বর গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় টেস্টে নামবে ভারত। কলকাতার এই ধাক্কা থেকে তারা শিক্ষা নিতে পারে কি না, নাকি একই স্পিন দুর্বলতা আবারও সামনে আসবে—এখন সেদিকেই তাকিয়ে আছে ক্রিকেটবিশ্ব।

Share via
Copy link