একটা খসড়া গ্রুপিং ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই গ্রুপিং নিয়েই চলছে নানামুখী আলোচনা। ভারত-পাকিস্তানের সহজ গ্রুপ নিয়েও হচ্ছে সমালোচনা। বাংলাদেশের জন্য অপেক্ষায় কঠিন চ্যালেঞ্জ।
গ্রুপ ১ এ যথারীতি রয়েছে স্বাগতিক ভারত ও সেই সাথে পাকিস্তান। নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস রয়েছে সেই গ্রুপে। ভারত-পাকিস্তান ম্যাচের বাণিজ্যিক প্রেক্ষাপট বাদ রেখে এই গ্রুপ অনেক বেশি অনুমিত। ভারত, পাকিস্তান সহজেই চলে যাবে পরের রাউন্ডে। যদিও পাকিস্তানকে খানিকটা তটস্থ রাখবে যুক্তরাষ্ট্র। গতবার যে তাদের কাছেই পরাজয় বরণ করতে হয়েছিল পাকিস্তানকে।
তবে বাংলাদেশের পথটা কঠিন। তাদের গ্রুপে রয়েছে দুই চ্যাম্পিয়ন দল। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড ছাড়া বাংলাদেশের গ্রুপ তিনে রয়েছে নেপাল ও নবাগত ইতালি। ওয়েস্ট ইন্ডিজ তাদের জৌলুস হারিয়েছে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে চ্যালেঞ্জটা মোটেও কম হবে না বাংলাদেশের।

গ্রুপ দুইয়ে রয়েছে আরেক স্বাগতিক দেশ শ্রীলঙ্কা। তাদের প্রতিপক্ষ হিসেবে সেই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া। এই দুই দলের পরবর্তী রাউন্ডে যাওয়ার পথটাও অপেক্ষাকৃত সহজ। কেননা আয়ারল্যান্ড ও ওমান হয়ত সেই অর্থে চ্যালেঞ্জ জানাতে সক্ষম হবে না শেষ অবধি। কিন্তু জিম্বাবুয়ের সাম্প্রতিক উত্থান শ্রীলঙ্কার জন্য হুমকির সৃষ্টি করতে পারে।
চতুর্থ গ্রুপটিতে সর্বশেষ আসরের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা ছাড়া রয়েছে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এই গ্রুপকে বলা যেতে পারে গ্রুপ অব ডেথ। এই গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার জন্য মূল সমস্যা সৃষ্টি করার সামর্থ্য রাখে মূলত আফগানিস্তান।
এই গ্রুপ বিভাজন অবশ্য এখনও ক্রিকেট সংস্থা আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি এখনও। তবে একটা বিষয় অন্তত নিশ্চিত পাকিস্তানের ম্যাচগুলো ভারতে আয়োজিত হচ্ছে না। তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। এমনকি পাকিস্তান শেষ অবধি ফাইনালে পৌঁছালে, ফাইনালের ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরিত হবে।

কিন্তু ঘুরে ফিরে ওই ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের বিষয়টিই বরং দিনশেষে ঠেকছে ভীষণ দৃষ্টিকটু। তাছাড়া সহযোগী দেশগুলোর প্রথম রাউন্ডের বাঁধা পেরুনোর রাস্তাও প্রায় অবরুদ্ধ। দিনশেষে ক্রিকেটের বিকাশ তাই গুটিকতক দেশের মধ্যেই থেকে যাচ্ছে সীমাবদ্ধ। সত্যিকার অর্থে ক্রিকেটের বিশ্বায়ন তাই প্রশ্নবিদ্ধ।











