নাম না জানা ভারতীয়দের আকাশচুম্বী দাম কেন!

একজনের বয়স ১৯ বছর, আরেকজনের বয়স ২০। অথচ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামে দুইজনই বাগিয়ে নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক।

একজনের বয়স ১৯ বছর, আরেকজনের বয়স ২০। অথচ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামে দুইজনই বাগিয়ে নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক। কার্তিক শর্মা ও প্রশান্ত বীর দুইজনকেই দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস ১৪ কোটি ২০ লাখ রুপির বিনিময়ে। অন্যদিকে ২৯ বছর বয়সী আকিব নাবি বাগিয়ে নিয়েছেন ৮ কোটি ৪০ লাখ রুপি।

এই নামগুলোর সাথে সাধারণ ক্রিকেট সমর্থকরা কেউই হয়ত পরিচিত নন। কিন্তু ফ্রাঞ্চাইজিগুলো ঠিকই রত্ন চিনে নিয়েছে। এদের মধ্যে আকিব নাবির ব্যর্থতা থেকে উত্থানের গল্প নিয়ে চাইলেই হতে পারে এক পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ভারতের জম্মু-কাশ্মির থেকে উঠে এসেছেন এই পেসার। যেখানে বড় রানআপ নেওয়ার জায়গা খুঁজে পাওয়া দুষ্কর, সেখান থেকেই ঘরোয়া ক্রিকেটে আলোড়ন সৃষ্টি করেছেন আকিব।

অথচ বিগত কয়েক বছর ধরেই আইপিএল নিলামে অবিক্রীত থাকার ব্যর্থতা জুড়ে গেছে তার নামের পাশে। কিন্তু তিনি হাল ছেড়ে দেননি। নিজের সামর্থ্য প্রমাণের চেষ্টা চালিয়ে গেছেন। অবশেষে তার কপাল খুলেছে। সাম্প্রতিক সময়ে মুশতাক আলি ট্রফিতে দূর্দান্ত বোলিং পারফরমেন্সেই নিজের আকাশছোঁয়া দাম বাড়িয়েছেন জম্মু-কাশ্মিরের এই পেসার। সাত ম্যাচে নিয়েছিলেন ১৫ উইকেট। ইকোনমি তার সাতের ঘরে।

নতুন বলে সুইং আর পুরনো বলে নিয়ন্ত্রিত লাইনলেন্থ নিয়ে তিনি হাজির হবে আসন্ন আইপিএলে। অন্যদিকে চেন্নাই সুপার কিংস যেন নিজেদের ধ্যান-ধারণা থেকে বেড়িয়ে আসতে চায়। যার উৎকৃষ্ট প্রমাণ ২০২৬ আইপিএলের মিনি নিলাম। দু’জন তরুণ ক্রিকেটারের পেছনে তারা খরচ করেছেন ২৮ কোটি ৪০ লাখ রুপি। চেন্নাইয়ের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দুই ক্রয়।

সুদূরপ্রসারী চিন্তাভাবনা থেকেই এত বিপুল অর্থ ব্যয়েও পিছপা হয়নি চেন্নাই। প্রশান্ত বীরকে ভাবা হচ্ছে রবীন্দ্র জাদেজার বিকল্প। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির মত করেই তারা তামিল নাড়ুর ঘরের ছেলে বানাতে চায় কার্তিক শর্মাকে। ২০ বছর বয়সী প্রশান্ত সর্বশেষ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ছয় ম্যাচ খেলে ১৭০ স্ট্রাইকরেটে ১২০ রান করেছেন। উইকেট বাগিয়েছেন নয়টি, ইকোনমি ছিল সাতের নিচে।

১৯ বছরের কার্তিকের মাঝে ভবিষ্যতের তারকা হওয়ার রসদ দেখেছে চেন্নাই সুপার কিংস। রাজস্থানের কার্তিককে ডাকা হয় ‘সিক্স হিটিং মেশিন’। স্রেফ ১২ ম্যাচের ঘরোয়া টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৮ খানা ছক্কা হাঁকিয়ে ফেলেছেন কার্তিক। ১৬৪ স্ট্রাইকরেটে ৩৩৪ রান ইতোমধ্যেই শোভা পাচ্ছে কার্তিকের নামের পাশে। ঠিক এ কারণেই তার দাম হয়েছে এভারেস্ট সমান।

আইপিএলের নিলামে নাম না জানা ভারতীয় ক্রিকেটারদের এত উচ্চ মূল্য বলে দেয়, ফ্রাঞ্চাইজিগুলো স্রেফ ব্যবসার দিকে নজর রাখে না, প্রতিভা খুঁজতেও নেই তাদের কোন কার্পণ্য। তরুণ থেকে অভিজ্ঞ, সব স্বদেশীদেরই যথাযথ মূল্যায়ন দিতে চান তারা। আরও পোক্ত করতে চান ভবিষ্যতের পাইপলাইন।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link