সমাপ্তিলগ্নে ২০২৫ সাল। বর্ষ জুড়ে চ্যাম্পিয়নস ট্রফি কিংবা এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট উপভোগ করার সুযোগ মেলে ক্রিকেট বিশ্বের। তবে এ বছর কোনো বাংলাদেশি ব্যাটারই আন্তর্জাতিক ক্রিকেটে পার হতে পারেন নি এক হাজার রানের গণ্ডি।
২০২৫ সালে তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা ব্যাটাররের তালিকা নিয়ে থাকছে খেলা ৭১ এর আজকের আয়োজন।
- জাকের আলী (৭২২ রান)

২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেশি সমালোচনার শিকার হওয়া এ ক্রিকেটার রয়েছেন তালিকার ৫ নম্বরে। তিন ফরম্যাটেই বছর জুড়ে এক প্রকার নিয়মিত মুখ ছিলেন জাকের।৩৫ ইনিংস ব্যাট করতে নেমে ৭২২ রান করেছেন এই উইকেট রক্ষক ব্যাটার।
- নাজমুল হোসেন শান্ত (৭৭৬ রান)

ওয়ানডে অধিনায়কত্ব থেকে ছাটাই হওয়া। টেস্টের অধিনায়কত্ব ছেড়ে দেওয়া, ফের টেস্ট অধিনায়কত্বে ফেরা। সব মিলিয়ে ২০২৫ সালে শান্তও ছিলেন হেডলাইন জুড়েই। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে বাদ পড়লেও বৃহত্তর দুই ফরম্যাটে দলের নিয়মিত মুখ তিনি। এই বছরে ওয়ানডেতে তাঁকে ধুকতে দেখা গেলেও লাল বলের ক্রিকেটে ব্যাট হাতে অনবদ্য ছিলেন নাজমুল শান্ত। ২২ ইনিংস ব্যাট করতে নেমে করেছেন ৭৭৬ রান। করেছেন তিনটি শতক ও ২টি অর্ধশতক।
- তাওহীদ হৃদয় (৮৮১ রান)

অভিষেক এর পর থেকেই সাদা বলের ক্রিকেটে মিডল অর্ডারে বাংলাদেশের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছিলেন তাওহীদ হৃদয়। বেশ কিছু কার্যকরী ইনিংস থাকলেও এ বছর তাওহীদ হৃদয়ের ব্যাট ছিল অনেকটাই সাদামাটা। ৩৩ ইনিংস ব্যাট করতে নেমে সংগ্রহ করেছেন ৮৮১ রান।
- তানজিদ হাসান তামিম (৯২০ রান)

এশিয়া কাপকে এক পাশে সরিয়ে রাখলে বছর জুড়েই ২০ ওভারের ফরম্যাটে অনবদ্য খেলেছেন তানজিদ হাসান তামিম। তবে ওয়ানডেতে যেন তাঁর ধারাবাহিকতার বড্ড অভাব। সর্বপরি ২০২৫ সাল জুড়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪ ইনিংস ব্যাট করতে নেমে ৯২০ রান করেছেন তানজিদ। হাঁকিয়েছেন ৯টি অর্ধশতক।
- লিটন কুমার দাস (৯৬৪ রান)

তালিকার সবার উপরের নামটি বাংলাদেশ টি-টোয়েন্টি ক্যাপ্টেন লিটন কুমার দাসের। ২০২৫ সালে মোটে ৩২ ইনিংস ব্যাট করতে নেমে ৯৬৪ রান করেছেন লিটন। এক শতকের পাশাপাশি হাঁকিয়েছেন ৭টি অর্ধশতক।










