নতুন বলে তাসকিন আহমেদ আগুন ঝরালেন। রীতিমতো দূর্ধর্ষ, দূর্দমনীয়। আবুধাবি নাইট রাইডার্সের টপ অর্ডারটা গুড়িয়ে দিলেন একাই। তিন ওভার শেষে ১৬ রানের বিনিময়ে তুললেন তিন উইকেট। তবে শেষ ওভারে চার ছক্কা হজম করে দিনটাকে বিবর্ণ বানিয়ে ফেললেন।
ইনিংসের প্রথম ওরেই বল হাতে উঠল তাসকিনের। প্রথম পাঁচ বলে ফিল সল্টের কাছে হজম করলেন মোটে চার। তবে শেষ বলেই আঘাত হানলেন, ফিল সল্টকে তুলে নিলেন।
দ্বিতীয় ওভারেও একই গল্পের পুনরাবৃত্তি। প্রথম বলে চার হজমের ঠিক পরের বলটাতে বধ করলেন অ্যালেক্স হেলসকে। মধুর এক প্রতিশোধ নিলেন যেন। এই ওভারে খরচা করলেন মাত্র চার রান। গতি আর নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অসহায় তখন আবুধাবির প্রতাপশালী ব্যাটাররা।

টানা দুই ওভারে সাফল্য পাওয়ার পর আবারও পাওয়ার প্লেতেই নিয়ে আসা হলো তাঁকে। এবার অবশ্য উইকেটের দেখা পাননি, তবে দুটো চার হজম করতে হয়েছে তাঁকে। ফলস্বরূপ তিন ওভার শেষে ১৬ রানের বিনিময়ে নামের পাশে তখন দুই উইকেট।
আবুধাবিকে মাথা তোলার আগেই ছেটে ফেলেছিলেন তাসকিন। এরপর আর কোনো রানের চাকা সচল করতে পারেনি নাইট রাইডার্সরা। ১৮ ওভার শেষে স্কোরবোর্ডে তখন ১০৪ রান। ক্রিজে দাঁড়িয়ে আন্দ্রে রাসেল এবং জেসন হোল্ডার, বল হাতে আবারও ফেরানো হলো তাসকিনকে। তবে এই ওভারটা ক্ষমতা থাকলে নিজের খাতা থেকে নিশ্চয় মুছে ফেলতেন তাসকিন।
চার ছক্কা হজম করতে হলো দুই ব্যাটারের কাছে। ওভার শেষ করলেন ২৫ রান দিয়ে। ব্যস, তাতেই চার ওভারে বোলিং কোটা দাঁড়াল ৪১ রান খরচায় দুই উইকেট। শুরুর মতো শেষটা একেবারেই যে ভালো হলো না তাসকিনের। দিনটা তাই পুরপুরি নিজের করে নিতে পারলেন না।

Share via:











