সফল অধিনায়ক মাশরাফি আজ নেই কোনো খবরে

সবচেয়ে সফল অধিনায়ক এবার থাকছেন না বিপিএলের ত্রিসীমানায়। অথচ তার হাত ধরেই গ্লোরীর পথে হেটেছে তিন-তিনটি ফ্রাঞ্চাইজি। 

কলার তোলা রোয়াব। যার চলন-বলনে ছিল সেনাপতির হাবভাব। সেই মাশরাফি বিন মর্তুজা এবারও অনুপস্থিত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। হ্যাঁ, খেলোয়াড় হিসেবে থাকার কথাও না তাঁর। তবে, ফ্রাঞ্চাইজি ভিত্তিক দেশের একমাত্র টুর্নামেন্টের সবচেয়ে সফল অধিনায়ক এবার বিপিএলের ত্রিসীমানায় কোনো ভূমিকাতেই থাকছেন না। অথচ তাঁর হাত ধরেই অমরত্বের পথে হেটেছে তিন-তিনটি ফ্রাঞ্চাইজি।

সেই ২০১২ সালের কথা। প্রথমবারের মত বিপিএল মাঠে গড়াল। ঢাকা গ্ল্যাডিয়েটর্স নামক তারকার মেলায় অধিনায়কের দায়িত্ব মাশরাফি বিন মর্তুজার কাঁধে। তিনি দূর্দান্তভাবে সামলে নিলেন সবকিছু। জিতে নিলেন শিরোপা। সাকিব আল হাসানের খুলনা রয়্যাল বেঙ্গলস, ব্র্যাড হজের বরিশাল বার্নাসকে পেছনে ফেলে প্রথম বিপিএল চ্যাম্পিয়ন মাশরাফির ঢাকা।

অথচ সেবার পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে নিশ্চিত করেছিল সেমিফাইনালে নিজেদের পদযাত্রা। তারপর নকআউট পর্বে তার নেতৃত্বে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। সেই ধারা অব্যাহত থেকেছে পরের আসরেও। চ্যাম্পিয়ন দলটা রীতিমত পাখা ছড়িয়ে উড়ে বেড়িয়েছে, দাপটের স্মৃতিচিহ্ন হয়ে। মাশরাফির নেতৃত্বে ১২ ম্যাচের ৯টি ম্যাচেই জিতেছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স।

ফাইনালে যেতেও তাদের খুব একটা বেগ পোহাতে হয়নি। দ্বিতীয় স্থানে থাকা সিলেট রয়্যালসকে হারিয়ে, কোন ঝামেলা ছাড়াই সরাসরি ফাইনালে পৌঁছে যায় ঢাকা। মাশরাফির দলটা সেবার ফাইনালে হারিয়েছিল চিটাগাং কিংসকে। এরপর তো রীতিমত নির্বাসনে চলে যায় বিপিএল। কিন্তু ফের যখন ফিরল মাঠের ক্রিকেট, আবারও চ্যাম্পিয়ন- সেই মাশরাফি বিন মর্তুজা।

বিপিএলের সবচেয়ে সফল দল ধরা হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। সেই দলের প্রথম শিরোপাটাও এসেছিল মাশরাফির হাত ধরে। টেবিল টপার হয়ে প্লে-অফ নিশ্চিত করে মাশরাফির নেতৃত্বাধীন কুমিল্লা। এরপর প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে হারিয়ে, সরাসরি ফাইনালে পৌঁছায় চারবারের চ্যাম্পিয়নরা।

ফাইনালে শেষ বলে তারা হারায় বরিশাল বুলসকে। কুমিল্লার সফলতার শুরু সেখান থেকেই। মাশরাফির ক্যারিশমেটিক নেতৃত্বগুণে ভীষণ অবিভূত ছিল রংপুর রাইডার্সও। ২০১৭ মৌসুমে মাশরাফি গায়ে চড়ান রংপুরের জার্সি। এখন অবধি রাইডার্স বিপিএলে ধারাবাহিক অংশগ্রহণকারী দল। তবে তাদের শিরোপার সংখ্যা মাত্র একটি।

সেই একমাত্র শিরোপা জয়েও নেতৃত্বভার ছিল মাশরাফির কাঁধে। ২০১৭ সালে প্রথম রাউন্ডে টেবিলের চার নম্বর দল ছিল রংপুর রাইডার্স। প্লে-অফের ডাবল বাঁধা পেরিয়ে তারা পৌঁছায় ফাইনালে। আর শিরোপা জয়ের পথটা তো মাশরাফির ছিল বেশ ভালভাবেই জানা। ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে রংপুর রাইডার্স জেতে নিজেদের প্রথম ও একমাত্র শিরোপা।

এই নেতৃত্বের এমন দারুণ গুণের কারণেই ক্যারিয়ারের শেষ লগ্নেও তাকে কেন্দ্র করে দল বানিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। কিন্তু সময়ের পরিক্রমায় সকল গুণের উজ্জ্বলতা হারিয়ে যায়। তাঁরপরও ২০২৩ সালে মাশরাফি দলকে ফাইনালে নিয়ে গিয়েছিলেন। তখন জাতীয় দল থেকে অনেক দূরে। এরপরের আসরেও একই দলের হয়ে কিছু ম্যাচ খেলে মাশরাফি। এরপরই ‍ফুলস্টপ। মাশরাফি হারিয়ে গেলেস বিপিএলের বর্ণিল ভূবন থেকে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link