আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি যখন শেষ ধাপে, ঠিক তখনই বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। ভেন্যু পরিবর্তন ইস্যুতে ইন্টারন্যানশরল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে নির্ধারিত অনলাইন বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত না হলেও, অবশেষে আনুষ্ঠানিক যোগাযোগের প্রক্রিয়া শুরু হয়েছে।
মঙ্গলবার রাতে বিসিবির ইমেইলে আইসিসির বহুল প্রতীক্ষিত জবাব পৌঁছেছে। সেই ইমেইলে আইসিসি বিসিবির কাছ থেকে স্পষ্টভাবে জানতে চেয়েছে, বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত নির্দিষ্ট আশঙ্কাগুলো ঠিক কী। বিসিবি সূত্র জানিয়েছে, বোর্ড আজকের মধ্যেই সেই ইমেইলের জবাব দেবে। এর মধ্য দিয়েই বিষয়টি আনুষ্ঠানিক পর্যায়ে প্রবেশ করল।
সূচি অনুযায়ী, বাংলাদেশ গ্রুপ ‘সি’ তে প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচটি নেপালের বিপক্ষে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে কূটনৈতিক সম্পর্ক অবনতির বাস্তবতায় নিরাপত্তাজনিত কারণে বিসিবি সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছিল।

এই সংকট নিরসনে আইসিসির শীর্ষ মহলে একাধিক বিকল্প নিয়ে আলোচনা চলছে। একটি সম্ভাবনা হলো, বাংলাদেশের কিছু ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া। তবে বিশ্বকাপ শুরুর আর এক মাসও বাকি না থাকায়, এমন সিদ্ধান্ত কার্যকর করতে হলে সূচি পুনর্বিন্যাস, টিকিট বিক্রি এবং সম্প্রচার পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে।
আরেকটি প্রস্তাব হলো, বিসিবির একটি পরিদর্শক দলকে ভারতে পাঠিয়ে সরাসরি নিরাপত্তা ব্যবস্থার মূল্যায়ন করা। তবে যদি কোনো পথেই সমঝোতা না আসে, তাহলে সবচেয়ে কঠোর বিকল্প হিসেবে প্রতিযোগিতা থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।
আইসিসির ইমেইলের মাধ্যমে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু হওয়ায় এখন সবার নজর বিসিবির জবাবের দিকে। সেই উত্তরের ওপরই নির্ভর করছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সংকট কোন পথে গড়ায়।











