একটা রান, স্রেফ একটা রানের আক্ষেপে পুড়তে হলো অ্যাডাম রসিংটনকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথমবারের মতো টানা চার ইনিংসে ফিফটি করার রেকর্ড নিজের মালিকানাধীন করা হলো না তাঁর। তবে ব্যাট হাতে কাজের কাজটা ঠিকই করে যাচ্ছেন, চট্টগ্রাম রয়্যালসের ভরসার প্রতীক হয়ে উঠেছেন।
সোনা খুঁজতে গিয়ে যেন হীরার খনি তুলে এনেছে চট্টগ্রাম। নেপাল প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, আলোচনার শুরুটা সেখান থেকে। ব্যাট হাতে উড়ন্ত ফর্মে থাকা রসিংটনকে লুফে নিতে তাই দেরি করেনি চট্টগ্রাম। বড় নামের চেয়ে যে কার্যকারিতা বেশি প্রয়োজন।

বিপিএলে পা রেখেই খুব একটা সুবিধা করে উঠতে পারেননি রসিংটন। প্রথম ম্যাচে ওই এক রানেই ফিরতে হয়েছিল তাঁকে। হয়তো বুঝে গিয়েছিলেন ভুল পথে পা বাড়িয়েছেন। নিজেকে শুধরে নিতে তাই দেরি করলেন না তিনি। ছোটালেন রানের ঘোড়া।
সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামার আগে সর্বশেষ তিন ইনিংসে তাঁর রান ছিল ৬০, ৭৩ এবং ৫৮। এই ম্যাচেও হাঁটছিলেন একই পথে। তবে ফিফটির দরজায় এসে পা হড়কালেন। ৪৯ রানের মাথায় বড় শট খেলতে গিয়েই নিজের উইকেট খোয়ালেন।

তাতে অবশ্য আফসোস থাকার কথা নয়। প্রতি ম্যাচেই যে দারুণ শুরু এনে দিচ্ছেন দলকে। ৩৮ বলে ৪৯ রানের এই ইনিংসটাই তাঁরই প্রমাণ। এমন ধারাবাহিকতা ধরে রাখা একটু বিশেষ বটে।











