এক, দুই, তিন, চার, পাঁচ, ফাইফার। ইকবাল হোসেন ইমনের আগুনঝরা দিনে জিম্বাবুয়ে পুড়ে ছারখার। একেকটা বল যেন ভয়ের রূপ ধারণ করে এলো প্রতিপক্ষের জন্য। তাতেই ৭৪ রানের জয় নিয়ে মাঠ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ মিশন শেষ করলো বাংলাদেশ।
হারানোর কিছু নেই, প্রাপ্তির খাতায়ও আর যোগ হবে না কিছু। নিয়মরক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিংটা বেছে নিয়েছিল বাংলাদেশ।
রিফাত বেগ শুরুটা করেন আক্রমণাত্মক, তবে ইনিংস বড় করতে পারেননি। ২৫ রান করে জাওয়াদকে কাটা পড়তে হয় রান আউটে। দায়িত্ব কাঁধে ওঠে আজিজুল হাকিম তামিমের। তাঁর ব্যাট থেকে ৫৯ রানের ইনিংস।
বাকিরা সবাই মিলে অল্প অল্প অবদান রাখেন। শেষপর্যন্ত বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ হয় ২৫৩ রান।

বল হাতে বাংলাদেশ যেন দূর্বার, দূর্দমনীয়। ইমনের হাত ধরেই আসে প্রথম সাফল্য। নিজের করা প্রথম ওভারেই তুলে নেন জিম্বাবুয়ের দুই ওপেনারকে। একেকটা বল যেন আগুনের গোলার মতো ভেঙেচুরে ফেলেছে ব্যাটারদের। উইকেট তোলার উৎসবে যোগ দেন আল ফাহাদও। ৫৪ রানের পাঁচ ব্যাটারকে হারিয়ে ফেলে জিম্বাবুয়ে।
তবে ইমনের আক্রমণ তখনও চলল সমান তালে। বোলিং কোটা পূর্ণ করে ২৪ রান খরচায় নিয়েছেন পাঁচ উইকেট। সঙ্গী ফাহাদের শিকার তিনটি। ম্যাচে যে জিম্বাবুয়ের জন্য কিছুই অবশিষ্ট ছিল না আর।
যদিও শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে জিম্বাবুয়ে। তবে সেটা কেবল হারের ব্যবধানটাই কমিয়েছে। রানের চাকা থেমেছে ১৭৯ রানে।

বাংলাদেশের স্বপ্নের ইতি এবার আগেভাগেই ঘটেছিল। ৭৪ রানের এই জয়টা তাই তামিমদের জন্য স্বান্তনা হয়ে থাকল। ওই যে কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। এখন দেখার কোন ভালোটা পরবর্তীতে আসে বাংলাদেশের জন্য।











