ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন সুরিয়াকুমার যাদব। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ৩০ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এই ইনিংসের সুবাদে পাঁচ ম্যাচের সিরিজে তাঁর মোট সংগ্রহ দাঁড়ায় ২৪২ রান।
এর ফলে ভারতীয় অধিনায়ক হিসেবে একটি টি-টোয়েন্টি সিরিজে সর্বাধিক রান করার রেকর্ড গড়লেন সুরিয়াকুমার। এর আগে এই রেকর্ডটি বিরাট কোহলির দখলে ছিল। ২০২১ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দিতে গিয়ে বিরাট কোহলি করেছিলেন ২৩১ রান।
বিশ্বকাপের প্রাকলগ্নে নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে পাঁচ ইনিংসে ব্যাট করতে নেমে ৮০.৬৭ গড়ে ২৪২ রান সংগ্রহ করেছেন সুরিয়াকুমার। স্ট্রাইকরেইটটাও ঠিক যেন ছিল সুরিয়াসুলভই, ১৯৬.৭৫!

তবে সব মিলিয়ে অধিনায়ক হিসেবে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে সর্বাধিক রান করার রেকর্ড এখনো পাকিস্তান তারকা বাবর আজমের দখলে। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দিতে গিয়ে বাবর করেছিলেন ২৮৫ রান।
এই সিরিজে অসামান্য পারফরম্যান্স এর কল্যাণে তালিকার দুই নম্বরে ওঠে এলো সুরিয়াকুমারের নাম। তিন নম্বরে অবস্থান সাবেক ভারতীয় অধিনায়ক বিরাটেরই।
এশিয়া কাপের সময়টা থেকেই ভারতের ব্যাটিং অর্ডারে দুশ্চিন্তার বিষয় ছিল খোদ ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমারের ব্যাটিং ফর্ম। ব্যাট হাতে বাকি সবাই পারফর্ম করলেও অধিনায়ক যেন নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না

অবশ্য নিজে সেটা নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন তিনি। প্রেস কনফারেন্সে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, ‘আমি অফফর্মে নেই, কয়েকটা ম্যাচ রানের বাইরে আছি মাত্র।’
বিশ্বকাপের আগে তার ব্যাট থেকে ভালো ইনিংস দেখার অপেক্ষায়ই ছিল ভারতীয় সমর্থকরা। আর এই সিরিজে সেই অপেক্ষা যেন ষোলো আনাই পূর্ণ করে দিলেন সুরিয়াকুমার। বিশ্বকাপের আগে তার ফর্মে ফেরা নিশ্চিতভাবেই বেশ স্বস্তির নিশ্বাস ফেলেছে ভারতীয় শিবিরে।










