লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে পাকিস্তানের স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন আউট হওয়ার পর মাঠ ছাড়ার সময় যে ইশারা করেন, সেটিকেই কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। ম্যাচ শেষে স্যোশাল মিডিয়ায় তার জবাবও দেন উসমান তারিক।
পাকিস্তানের দেওয়া ১৯৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বেশ আক্রমণাত্মকভাবেই ব্যাট করছিলেন গ্রিন। তবে ২০ বলে ৩৫ রান করে তারিকের করা একটি ডেলিভারিতে শাদাব খানের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে আউট হন।
সাজঘরে ফেরার পথে তারিকের অ্যাকশন ব্যঙ্গ করে দেখান গ্রিন। যা সামাজিক মাধ্যমে অনেকেই ‘চাকিং’ বা অবৈধ বোলিং অ্যাকশনের ইশারা হিসেবে ব্যাখ্যা করেন।

ঘটনাটি দ্রুতই ভক্তদের মধ্যে ভিন্ন মত তৈরি করে। পাকিস্তানের অনেক সমর্থক মনে করেন, রান তাড়ার চাপে তারিককে ঠিকমতো খেলতে না পারার হতাশা থেকেই গ্রিন এমন প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকে আবার বলছেন তারিকের অ্যাকশন ক্রিকেটের নিয়ম বহির্ভূত।
তবে উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন এই প্রথম নয়। এর আগেও তার অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল। পাকিস্তান সুপার লিগের নবম ও দশম আসরে তাকে সন্দেহজনক অ্যাকশনের জন্য রিপোর্ট করা হয়। পরবর্তীতে পিসিবি অনুমোদিত বায়োমেকানিক্স ল্যাবে পরীক্ষা দিয়ে দুইবারই বৈধতা পান তিনি।
৩০ বছর বয়সী এই স্পিনার আগেই দাবি করেছিলেন, তার বোলিং অ্যাকশন সম্পূর্ণ নিয়মের মধ্যেই রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নির্ধারিত ১৫ ডিগ্রি কনুই ভাঁজ করার সীমা তিনি অতিক্রম করেন না। তিনি আরও জানান, পাকিস্তানে দুই দফা অফিসিয়াল পরীক্ষায় অংশ নিয়ে দুইবারই তিনি উত্তীর্ণ হয়েছেন।











