বাংলাদেশ ইস্যুতে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্বরূপ ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট করেছে পাকিস্তান। তবে পাকিস্তান না খেললেও ভারত-পাকিস্তান ম্যাচের জন্য শ্রীলঙ্কায় যাবে ভারতীয় ক্রিকেট দল।
সংবাদ সংস্থা এএনআইয়ের তথ্য অনুযায়ী, সুরিয়াকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল পিসিবির অবস্থান পরিবর্তন না হলেও ম্যাচের জন্য কলম্বো যাবে। আইসিসির নির্ধারিত সব আনুষ্ঠানিকতা, অনুশীলন, ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন এবং প্রেমাদাসা স্টেডিয়ামে উপস্থিত হওয়া – সবই করবে দলটি।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, কোনো দল যদি টসের সময় উপস্থিত না থাকে, তাহলে প্রতিপক্ষ দলকে ওয়াকওভার দেওয়া হয়। সেক্ষেত্রে টস করতেও মাঠে নামতে পারেন সুরিয়াকুমার যাদব।

যদি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা টসের সময় উপস্থিত না হন, তাহলে ম্যাচ রেফারি ভারতের পক্ষে ওয়াকওভার ঘোষণা করবেন এবং ভারত দুই পয়েন্ট পাবে। মূলত রেফারির আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্যেই এই ভ্রমণ করবে ভারতীয় ক্রিকেট দল।
পাকিস্তানের এই অবস্থানে সন্তুষ্ট নয় আইসিসি। সংস্থাটি জানিয়েছে, এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থার ঝুঁকি তৈরি করতে পারে। আইসিসির মতে, এই সিদ্ধান্ত পাকিস্তানের নিজস্ব ক্রিকেট কাঠামোর দীর্ঘমেয়াদি স্বার্থেও প্রভাব ফেলতে পারে এবং বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থায়ও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
আইসিসি আরও জানায়, জাতীয় নীতিনির্ধারণে সরকারের ভূমিকা তারা সম্মান করে। তবে এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেট এবং বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থকের ক্রিকেটপ্রেমের সাথে সাংঘর্ষিক।

তবে এই আইসিসিই প্রায় কুড়ি কোটি জনসংখ্যা এবং ক্রিকেট নিয়ে আকাশস্পর্শী উন্মাদনা থাকা বাংলাদেশের ন্যায্য দাবি না মেনে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে। বাংলাদেশি সমর্থকদের প্রতি সংহতি আর ক্রিকেট রাজনীতিতে ভারতীয় আধিপত্যের বিরোধিতা করার লক্ষ্যেই পাকিস্তানের এই প্রতিবাদ।










