প্রতি সপ্তাহের ন্যায় গত বুধবারও আইসিসি র্যাংকিং গুলোর সর্বশেষ সংযোজন প্রকাশিত হয়েছে। আর তাতেই টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ে কিছুটা উন্নীত হয়ে যৌথভাবে তিন নম্বর উঠে এসেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
তাঁর সাথেই অবস্থান করছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। দুইজনেরই পয়েন্ট তিন শতের চেয়ে ঠিক এক কম। সবশেষ দশটি টেস্ট ইনিংসে ৩২.৩ গড়ে ৩২৩ রান করেছেন মিরাজ। রয়েছে একটি শতক হাঁকানোর কীর্তিও। বল হাতেও নিয়েছেন কুড়িটি উইকেট।

বিশেষ করে জিম্বাবুয়ে সিরিজে যেন বল হাতে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন মিরাজ। ৪ ইনিংসে তিনটি ফাইফার নেওয়ার কীর্তি গড়েন বাংলাদেশের এই স্পিন বোলিং অলরাউন্ডার।
লাল বলের ক্রিকেটে বেন স্টোকস সর্বশেষ ছাপ রেখেছেন অ্যাশেজে। অধিনায়ক হিসেবে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ এ সিরিজ হারার লজ্জা পেতে হয় স্টোকসকে। সিরিজে মাত্র ১৮.৪ গড়ে ১৮৪ রান সংগ্রহ করেন স্টোকস। তবে বল হাতে তুলে নেন ১৫ টি উইকেট।

ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে দুই দেশের দুই নির্ভরযোগ্য অলরাউন্ডারই এখন ২৯৯ পয়েন্ট নিয়ে র্যাংকিং এর তিন নম্বরে অবস্থান করছেন। ৪৫৫ পয়েন্ট নিয়ে অন্যদের থেকে যোজন যোজন এগিয়ে তালিকার শীর্ষে অবস্থান ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। ৩৪৪ পয়েন্ট নিয়ে তাঁর পরেই আছেন দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার মার্কো ইয়ানসেন।










