দুই কোটি ৮২ লাখ টাকায় লাহোর কালান্দার্সে মুস্তাফিজ

রিশাদ হোসেনকে ছেড়ে দিলেও, মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিবদ্ধ করল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স।

রিশাদ হোসেনকে ছেড়ে দিলেও, মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিবদ্ধ করল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স। ৬ কোটি ৪৪ লাখ রুপিতে তাকে দলে নিল গত আসরের পিএসএল চ্যাম্পিয়ন দলটি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আবারও শিরোপা জয়ের দৌড়ে নামবে দলটি। তার আগে নিজেদের বোলিং শক্তিমত্তা বাড়িয়ে নিল লাহোর কালান্দার্স।

পিএসএল এবার দল পাবেন মুস্তাফিজুর রহমান- সেটা ছিল অনুমিত। সেই সম্ভাবনাকে কোন প্রকার রাখঢাক না রেখেই ঘোষণা করে দিল কালান্দার্স ফ্রাঞ্চাইজি। নিলামের আগে মুস্তাফিজকে ডিরেক্ট সাইনিং করাল কালান্দার্স। গত বছর এই দলে রিশাদ হোসেন ছাড়াও বাংলাদেশিদের মধ্যে ছিলেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

সাকিব আল হাসান তিন ম্যাচ খেলার সুযোগ পেলেও, মিরাজ একটিও ম্যাচ খেলেননি। অন্যদিকে রিশাদ হোসেন সাত ম্যাচ খেলে বাগিয়ে নিয়েছিলেন ১৩টি উইকেট। রিটেইন করা খেলোয়াড়দের মধ্যে একজন মাত্র বিদেশি খেলোয়াড়কে রাখতে পারত কালান্দার্স। সেই নিয়মের গ্যাড়াকলে পড়ে স্রেফ সিকান্দার রাজাকে ধরে রেখেছে দলটি।

গত মৌসুম খেলায় রিশাদকে সরাসরি সাইন করানোর সুযোগ ছিল না লাহোরের সামনে। তাইতো মুস্তাফিজকেই তারা বেছে নিয়েছে। বাংলাদেশি টাকায় দুই কোটি ৮২ লাখ টাকার বিনিময়ে মুস্তাফিজকে নিজেদের করে নিয়েছে লাহোর কালান্দার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছিলেন মুস্তাফিজ।

তবে ভারতের উগ্রবাদী সংগঠনগুলোর চাপে পড়ে মুস্তাফিজকে বাদ দেওয়া হয় আইপিএল থেকে। সুতরাং আইপিএলের ওই সময়টুকু আর ফাঁকা বসে থাকতে হচ্ছে না মুস্তাফিজকে। যদিও আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পরই পিএসএলে তার দল পাওয়ার সম্ভাবনা প্রবল হয়েছিল। তার দল পাওয়া ছিল সময়ের ব্যাপার।

বিশ্বমানের একজন বোলারকে কেউ নিশ্চয়ই অযথা হাতছাড়া করতে চায় না। তাছাড়া মুস্তাফিজের সাম্প্রতিক ফর্ম, ম্যাচ জেতানোর দূর্দান্ত ক্ষমতা যেকোন দলের প্রধান চাহিদা। সেদিক থেকে লাহোর কালান্দার্স নিঃসন্দেহে বেজায় খুশি মুস্তাফিজকে দলে ভেড়াতে পেরে। মুস্তাফিজ নিশ্চয়ই মুখিয়ে আছেন পিএসএলে নিজের সামর্থ্যের দ্বিগুণ উজাড় করে দিতে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link