বাস ডি লিডের হার না ইনিংসটা শেষ করে দিল নামিবিয়ার সম্ভাবনা। একেবারে হেসেখেলেই জয়ের গল্প লিখল নেদারল্যান্ডস। সাত উইকেট হাতে রেখে ম্যাচ বাগিয়ে নিয়ে দেখিয়ে দিল নিজেদের শক্তিমত্তা।
এদিন নেদারল্যান্ডসের আমন্ত্রণে ব্যাটিংয়ে আসা নামিবিয়ার এলোমেলোভাবেই শুরুটা করে। প্রথম ধাক্কা খায় ১০ রানের মাথায়। তবে উঠে দাঁড়াতে বেশি সময় নেয়নি তারা। জ্যান ফ্রাইলিঙ্ক এবং জ্যান নিকোলের দৃঢ়তায় পরিস্থিতি সামাল দিয়ে পায়ের নিচের মাটি শক্ত করতে থাকে নামিবিয়া। দুজনের ব্যাট থেকে আসে ৫০ রানের গুরুত্বপূর্ণ জুটি।

বাকিরা অল্পস্বল্প অবদান রাখেন দলের জন্য। ইনিংস শেষে তাই স্কোরবোর্ডে আসে ১৫৬ রানের লড়াকু পুঁজি। জয়ের স্বপ্ন তখন বোলারদের ওপর।
জবাব দিতে নেমে নেদারল্যান্ডসের শুরুটা হয় আগ্রাসী মেজাজে। লক্ষ্য পরিষ্কার—যত দ্রুত সম্ভব ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হবে হাতে। এই কাজে অগ্রণী ভূমিকা পালন করেন বাস ডি লিড। নামিবিয়ার যতটুকু সম্ভাবনা ছিল তা শেষ করে দেন ৪৮ বলে ৭২ রানের অনবদ্য এক ইনিংস খেলে। যা সাজিয়েছিলেন পাঁচ চার আর চার ছক্কার সাহায্যে।

সঙ্গী হিসেবে পেয়েছিলেন কলিন অ্যাকারম্যানকেও। এই জুটি থেকে আসে ৭০ রান। তাতেই জয় চলে আসে হাতের মুঠোয়। শেষমেষ দুই ওভার এবং সাত উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে তরী ভেড়ায় ডাচরা।











