যেমনটা প্রত্যাশিত, ভারত ম্যাচের আগে ঠিক তেমন আগ্রাসী এক ইনিংস উপহার দিয়ে গেলেন শাহিবজাদা ফারহান। বিশ্বকাপে অব্যাহত রাখলেন তিনি রানের ধারা। তবে সেঞ্চুরি না পাওয়ার একটা আক্ষেপ যুক্ত হল ফারহানের আফসোসের খাতায়। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফিফটি তুলে তিনি জানান দিলেন, রাজত্ব এবার হবে তার।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রায় হারতে বসেছিল পাকিস্তান। কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেন এমনটি না ঘটে সে প্রচেষ্টাই শাহিবজাদা ফারহান করে গেছেন। কলম্বোতে ধুন্ধুমার ব্যাটিংয়ের দেখা মিলল তার কাছ থেকে। সাইম আইয়ুবের ধীরলয়ের ব্যাটিংয়ের বিপরীতে ফারহান ছিলেন চনমনে।

বাউন্ডারির মুর্ছনায় পাকিস্তানের রানের চাকাকে গতিশীল রেখেছিলেন ফারহান। ১৭৮.০৪ স্ট্রাইকরেটে ফারহানের নামের পাশে যুক্ত হয়েছে ৭৩ রান। সেঞ্চুরি থেকে ২৭ রান দূরে থেমেছেন তিনি। ইনিংসটি সাজিয়েছিলেন পাঁচটি বিশাল ছক্কার রোশনাই, আর ছয়টি চারের ঝলকানিতে।
মঞ্চ প্রস্তুত ছিল তার সেঞ্চুরির, কিন্তু সে মঞ্চটার পূর্ণ ফায়দা তুলে নেওয়া তার আর হয়ে ওঠেনি। তবে বিশ্বকাপের টানা দু’টো ম্যাচে তার ব্যাট থেকে বড় ইনিংস আসা- পাকিস্তানের জন্য স্বস্তির। কেননা বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করেছিল পাকিস্তান। সেই সিরিজের দু’টো ম্যাচের একটিতে পাঁচ আরেকটিতে ফারহান করেছিলেন শূন্য রান।

স্বাভাবিকভাবেই তার সামর্থ্য নিয়ে মৃদু প্রশ্ন বিচ্ছুরিত হতে শুরু করেছিল সর্বত্র। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৭ রানের পর, যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই ৭৩ রান, তার আত্মবিশ্বাসকে নিশ্চয়ই একটুখানি বেশি উদ্বেলিত করে যাবে। ভারতের বিপক্ষে পারফরম করতে এমনিতেই মড়িয়া হয়ে থাকবেন পাকিস্তানের খেলোয়াড়রা। এশিয়া কাপে ফারহানের সেই পারফরমেন্স নিশ্চয়ই ভুলে যাওয়ার নয়।











