মেসির ইঞ্জুরি ও আর্জেন্টাইনদের সাম্প্রতিক ফর্ম

আলবিসেলেস্তে সমর্থকদের জন্য দুঃসংবাদ কেবল মেসির চোটেই সীমাবদ্ধ নেই, বরং খোদ মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনির কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিচ্ছে পুরো দলের সামগ্রিক পারফরম্যান্স।

ইন্টার মিয়ামির হয়ে প্রস্তুতি ম্যাচে পাওয়া চোট লিওনেল মেসির বিশ্বকাপ যাত্রাকে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করে তুলেছে। তবে আলবিসেলেস্তে সমর্থকদের জন্য দুঃসংবাদ কেবল মেসির চোটেই সীমাবদ্ধ নেই, বরং খোদ মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনির কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিচ্ছে পুরো দলের সামগ্রিক পারফরম্যান্স।

এমএলএস মৌসুম শুরুর আগে বার্সেলোনা এসসি’র বিরুদ্ধে প্রীতি ম্যাচে পেশির ইনজুরিতে পড়েন মেসি। যদিও ক্লাব সূত্রে জানা গেছে আঘাতটি গুরুতর নয়, তবুও আর্জেন্টাইন ফুটবল মহাতারকাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট।

আর সে কারণেই ইন্ডিপেনডিয়েন্টে ডেল ভ্যালের বিপক্ষে ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তিগত বাধ্যবাধকতা ছাপিয়ে এখানে বড় হয়ে উঠেছে মেসির শারীরিক সুরক্ষা নিশ্চিত করা।

ইএসপিএনের তথ্য অনুযায়ী, কোচিং স্টাফরাও বর্তমানে আর্জেন্টিনার খেলোয়াড়দের ব্যক্তিগত ফর্ম নিয়ে বেশ উদ্বিগ্ন। দলের প্রতিটি সদস্যই যেন তাদের চেনা ছন্দে নেই। স্কালোনির ভাষায়, ব্যক্তিগতভাবে প্রতিটি খেলোয়াড় তাদের সেরা সামর্থ্যের চেয়ে অনেক নিচে পারফর্ম করছেন।

বিশ্বজয়ী দলের নিয়মিত মুখ নাহুয়েল মোলিনা, নিকোলাস তাগলিয়াফিকো কিংবা রদ্রিগো ডি পলের মতো যোদ্ধারা যেন নিজেদের ফর্ম হারিয়ে খুঁজছেন। ম্যাক অ্যালিস্টার কিংবা জুলিয়ান আলভারেজের নেই নিজেদের চেনা ছন্দে।

তবে আশার আলো দেখাচ্ছেন এনজো ফার্নান্দেজ এবং লিসান্দ্রো মার্টিনেজ। চেলসির জার্সি গায়ে এনজো ক্যারিয়ারের সেরা সময় পার করছেন, ৩৮ ম্যাচে ১১ গোল করে তিনি রয়েছেন তুখোড় ফর্মে। অন্যদিকে, এসিএল ইনজুরির ভয়াবহ স্মৃতি পেছনে ফেলে ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগে প্রাণ ফিরিয়ে এনেছেন লিসান্দ্রো মার্টিনেজ। এই দুই কাণ্ডারিই এখন স্কালোনির বড় স্বস্তি।

এছাড়া গোলপোস্টের নিচে এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত খেলছেন এবং ইন্টার মিলানে লাউতারো মার্টিনেজও সিরি ‘এ-‘র সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের জাত চেনাচ্ছেন।

বিশ্বকাপের দামামা বাজতে এখনো কয়েকমাস বাকি। নিশ্চিতভাবেই আর্জেন্টিনা সমর্থকদের প্রত্যাশা এখন সময়ের সাথে সাথে মেসি ফিরবেন তার চিরচেনা জাদুকরী রূপে, আর আলবিসেলেস্তেরা তাদের হারানো ফর্ম ফিরে পেয়ে আবারও বিশ্ব জয়ের হুঙ্কার দেবে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link