অজি বধের চিত্রনাট্যে জিম্বাবুয়ের ব্লেসিং হয়ে আবির্ভূত হলেন মুজারাবানি

ব্লেসিং মুজারাবানি, তার নামের মতই জিম্বাবুয়ের জন্য ব্লেসিং। একা হাতে তিনি অস্ট্রেলিয়া বধের চিত্রনাট্য লিখে দিলেন।

ব্লেসিং মুজারাবানি, তার নামের মতই জিম্বাবুয়ের জন্য ব্লেসিং। একা হাতে তিনি অস্ট্রেলিয়া বধের চিত্রনাট্য লিখে দিলেন। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও অপরাজিত জিম্বাবুয়ে। দুই দেখায় দুইটিতেই জয় তুলে নিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা। এই রেকর্ড গড়ার ক্ষেত্রে মুজরাবানি রেখেছেন ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা।

কলম্বোর প্রেমাদাসায় অজি দম্ভকে চূর্ণ করল জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়াকে তারা হারিয়েছে ২৩ রানের ব্যবধানে। আর এই দারুণ জয়ের নায়ক অনায়াসে ঘোষণা করে দেওয়া যায় ব্লেসিং মুজারাবানিকে। চার ওভারে চার খানা উইকেট শিকার করলেন জিম্বাবুয়ের এই পেসার। রান খরচা করেছেন মাত্র ১৭টি।

জশ ইংলিশকে আউট করে তিনি শুরু করেন এক অবিশ্বাস্য জয়ের যাত্রা। টিম ডেভিড, অ্যাডাম জাম্পাদের উইকেট তুলে নিয়ে তিনি জয়ের সম্ভাবনাকে ত্বরান্বিত করেছেন। জয় সুনিশ্চিত করার ক্ষেত্রে জিম্বাবুয়ের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন ম্যাট রেনশ। তিনিই তো একা হাতে সামলে নিচ্ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটিং ধ্বস।

সেই রেনশকেও নিজের উইকেটের পরিণত করেছেন ব্লেসিং মুজারাবানি। ৬৫ রান করা রেনশ আউট হওয়ার মধ্য দিয়েই অস্ট্রেলিয়ার সকল প্রতিরোধ ও সম্ভাবনার পতন ঘটেছে। অষ্টম ব্যাটার হিসেবে তিনি আউট হওয়ার সময় অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল আট বলে ৩১ রান। সমীকরণ কঠিন ছিল, তবুও অসম্ভব ভাবেনি হয়ত কেউ দলটা অস্ট্রেলিয়া বলে।

কিন্তু সেই সম্ভব ভাবনাকে অসম্ভব বানিয়েছেন মূলত ব্লেসিং মুজারাবানি। এ যেন ঠিক ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের পুনরাবৃত্তি। সেবারও এলটন চিকুম্বুরা অজিদের তুখোড় সব ব্যাটারদের উইকেট তুলে নিয়ে লিখেছিলেন জিম্বাবুয়ের জয়ের সম্ভাবনা। সেই ধারা আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরিয়ে আনলেন দীর্ঘকায় ব্লেসিং মুজারাবানি।

জিম্বাবুয়ের এই জয় আরও একটিবার বোঝাল, টি-টোয়েন্টিতে ছোট দল-বড় দল বলতে কিছুই নেই। নির্দিষ্ট দিনে যে দল জয়ের জন্য আপ্রাণ চেষ্টা চালাবে, নিজের পরিকল্পনার বাস্তবায়ন সঠিকভাবে ঘটাতে পারবে, মোমেন্টামের ফায়দা তুলে নিতে পারবে- সে দলই হবে বিজয়ী। আর যদি মুজারাবনির মত কেউ একজন হয়ে ওঠেন সেনাপতি- তবে তো অবাস্তব সবই হয়ে উঠবে ভীষণ প্রতাপশালী বাস্তব।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link