শুরু থেকে শেষপর্যন্ত ক্রিজে দাঁড়িয়ে থেকে সংযুক্ত আরব আমিরাতকে জেতালেন আরিয়ানশ শর্মা। কানাডার বোলারদের বিপক্ষে ঢাল হয়ে অবতীর্ণ হলেন যেন। প্রতিপক্ষের সম্ভাবনার সব দুয়ার বন্ধের কারিগর হলেন। তাতেই আরব আমিরাত পাঁচ উইকেট হাতে রেখে লিখল জয়ের গল্প।
এদিন আগে ব্যাট করতে নামা কানাডার শুরুটাও খুব বেশি আশাব্যঞ্জক হয়নি। ৩৮ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বেশ বিপাকেই পড়েছিল তারা। সেখান থেকে হর্ষ ঠাকেরের ফিফটিতে ১৫০ রানের পুঁজি পায় কানাডা।

সংখ্যাটা আরও বাড়তে পারত যদি না বাধা হয়ে আসতেন জুনায়েদ সিদ্দিকি। চার ওভারে ৩৫ রানের বিনিময়ে তুলে নেন ফাইফার। ওটাই লাগাম টানে কানাডার স্কোরবোর্ডে।
জবাবে ব্যাট করতে নেমে অল্প রানের লক্ষ্যটাকে বেশ কঠিন করে নিতে থাকে আরব আমিরাত। দলের নির্ভরযোগ্য তারকা মোহাম্মদ ওয়াসিম শুরুতেই বিদায় বলেন। ৬৬ রানে আমিরাতের চার উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলে কানাডা। প্রবল সম্ভাবনা নিয়ে ম্যাচে ফেরে কানাডা।

তবে আমিরাতের ভরসা হয়ে তখনও উইকেটে ছিলেন আরিয়ানশ। একা হাতেই ম্যাচ নিজেদের করে নেওয়ার পণ করেন তিনি। শেষপর্যন্ত ৭৪ রানের অপরাজিত নক আসে তাঁর ব্যাট থেকে। ওটাই ব্যবধান হয়ে দাঁড়ায় দুই দলের। শেষমেশ কানাডা পরাজিত হয় পাঁচ উইকেটের ব্যবধানে।
Share via:











