ত্রাসের রাজত্বে অল্পের জন্য হ্যাটট্রিক মিস সাইম আইয়ুবের

নিজের শেষ ওভারটায় রীতিমত ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন সাইম আইয়ুব। বল হাতে তিনি ছিলেন দিনের সেরা বোলার পাকিস্তানের জার্সিতে।

অল্পের জন্য হ্যাটট্রিক হল না সাইম আইয়ুবের। দুর্ধর্ষ এক ডেলিভারি, মিস করে গেল সবকিছু। শিভাম দুবে বুঝলেনও না। শার্প টার্ন, ব্যাটের সাথে এক চুল পরিমাণ ব্যবধান রেখে এগিয়ে গেল। কিন্তু উচ্চতায় আবার ছাড়িয়ে গেল স্ট্যাম্পকে। উত্তেজনার পারদ তখন সাত আসমানে। পাকিস্তানের রিভিউ নেওয়ার পর জানা গেল- ব্যাটের সাথে দূরত্বটা ঠিক কতটা সূক্ষ্ম ছিল।

নিজের শেষ ওভারটায় রীতিমত ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন সাইম আইয়ুব। ইনিংসের ১৫ তম ওভার। দুই উইকেটে ১২৫ রান তুলে বেশ সাবলীল তখন ভারত। কিন্তু সাইম আইয়ুবের শেষ ওভারটা নাভিশ্বাস তুলে দিল পাকিস্তান শিবিরে। দুই রানের বিনিময়ে সাইম তুলে নেন দুই উইকেট, দাঁড়িয়ে ছিলেন হ্যাটট্রিকের দ্বারপ্রান্তে।

তিনি যখন বোলিং প্রান্তে এলেন তখন ভারতের দুই সেট ব্যাটার বাইশ গজে দাঁড়িয়ে। তিলক ভার্মা ও সুরিয়াকুমার যাদব যেন অপেক্ষায় ছিলেন ব্যাটিং গিয়ার পরিবর্তনের। কিন্তু সাইম তা বিলম্বিত করলেন। ওভারের দ্বিতীয় বলে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিলক ভার্মাকে। এরপর ভারতের দলের মেরুদণ্ড হার্দিক পান্ডিয়া আকাশ পানে বল তুলে দিলেন।

ক্যাচ লুফে নিতে বাবর আজম কোন ভুল করলেন না। দুই বলে ভারতের ব্যাটিং অর্ডারে সাইম দিলেন প্রবল ধাক্কা। ভারত-পাকিস্তান মহারণে ব্যাটিং প্রান্তে নামলেন শিভাম দুবে। হ্যাটট্রিক ঠেকানোর দায়িত্ব। চাপটা তখন ঠিক কত? সে উত্তর অজানা। তবে সাইম ছিলেন ভীষণ উদ্বুদ্ধ। তার হৃদয়ে তখন হ্যাটট্রিক তুলে নেওয়ার ব্রত।

করলেনও এক চোখ ধাঁধানো বল। মিডল স্ট্যাম্প লাইনে, ফুলার লেন্থের বল শার্প টার্ন করে বেড়িয়ে যেতে লাগল। শিভাম দুবের বলটা লেগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা ব্যর্থ হল। তবুও যেন রাজ্যের চাপ নেমে গেল শিভামের কাঁধ থেকে। ভারতকে কোণঠাসা করার সেই ওভারটিতে সাইম যেন হয়ে উঠেছিলেন শেন ওয়ার্ন।

এদিন অবশ্য ভারতের হয়ে পালটা আক্রমণ চালানো ঈশান কিষাণের উইকেটও গিয়েছিল সাইম আইয়ুবের পকেটে। বাউন্ডারি হজমের পরের বলেই ঈশানকে বোল্ড করেন সাইম। চার ওভারে তিনি ২৫ রানের বিনিময়ে নিয়েছেন তিন খানা উইকেট। বল হাতে তিনি ছিলেন দিনের সেরা বোলার পাকিস্তানের জার্সিতে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link