পাকিস্তানের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব কেটেছে নাটকীয়ভাবে। ভারতের কাছে হারের পর বিতর্ক চরমে পৌঁছেছিল, শঙ্কা জেগেছিল গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ার। এমন ব্যর্থতায় প্রাক্তন তারকা শহিদ আফ্রিদি এবং মোহাম্মদ ইউসুফ সরাসরি বলেছিলেন, বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খানদের দলে জায়গা দেওয়া উচিত নয়। কিন্তু পাকিস্তান দল, নামিবিয়ার বিপক্ষে ১০২ রানের বিশাল জয় তুলে নিয়ে সুপার এইট নিশ্চিত করে। আর সেই জয়ের পর নতুন করে আলোড়ন ফেলেন শাদাব খান।
ম্যাচের পরে সংবাদ সম্মেলনে শাদাব স্মরণ করিয়ে দেন ২০২১ সালের বিশ্বকাপ। তখন তার দল ভারতের বিপক্ষে জয়ী হয়েছিল। এই এক জয়ের গর্ব নিয়ে সাবেক ক্রিকেটারদের কটাক্ষ করে বসেন শাদাব।

বিপরীতে শহিদ আফ্রিদি চুপ করে থাকেননি। তিনি বলেন, ‘শাদাব ঠিক বলেছে, আমরা বিশ্বকাপে ভারতকে হারাইনি, কিন্তু তার দল করেছে। তারা সম্মান পেয়েছে, কিন্তু তা ঠিকভাবে সামলাতে পারেনি। শাদাবকেও জানতে হবে, যখন সে পারফর্ম করতে পারেনি, আমরা তার পাশে দাঁড়িয়েছি। বলেছি সে দলের মূল স্তম্ভ। আমরা তখন তাকে সমর্থন দিয়েছি, জাতীয় টিভিতে বলেছি তার জন্য।’
আফ্রিদি আরও যোগ করলেন, ‘শাদাব একজন সম্মানজনক ছেলে, সবসময় আমাদের সাথে শালীনভাবে কথা বলে। আমাদের খেলোয়াড় জীবনেও আমরা শুধু কথায় নয়, মাঠে কাজ দেখিয়ে দিয়েছি। বড় দলকে হারানো আমাদের মূল লক্ষ্য ছিল, ছোট দলের বিরুদ্ধে নয়।’

নামিবিয়ার ম্যাচে শাদাব ঝলক দেখান। ৩৫ রানের অপরাজিত ইনিংস আর ৩ উইকেট, অলরাউন্ড পারফরম্যান্সের নিখুঁত উদাহরণ। তবে আফ্রিদির বার্তা স্পষ্ট: ‘এখন সমালোচকদের জবাব দাও মাঠে। বিশ্বকাপ শেষ হলে আমরা চুপ করব। পারফরম্যান্স দিয়ে প্রমাণ করো।’
Share via:











