বিশ্বকাপে সহযোগী দেশের সেরা একাদশ

সহযোগী দেশগুলোর চোখধাঁধানো পারফরম্যান্স চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর উত্তাপ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। মাঠের লড়াইয়ে নেপাল কিংবা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর লড়াকু মানসিকতা আর হার না মানা মনোভাব ইতোমধ্যেই কেড়ে নিয়েছে ক্রিকেটবিশ্বের প্রশংসা।

সহযোগী দেশগুলোর চোখধাঁধানো পারফরম্যান্স চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর উত্তাপ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। মাঠের লড়াইয়ে নেপাল কিংবা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর লড়াকু মানসিকতা আর হার না মানা মনোভাব ইতোমধ্যেই কেড়ে নিয়েছে ক্রিকেটবিশ্বের প্রশংসা।

চলমান বিশ্বকাপে সহযোগী দেশগুলোর খেলোয়াড়দের নিয়ে তৈরিকৃত সেরা একাদশ থাকছে খেলা ৭১ এর আজকের আয়োজনে।

ইনিংসের গোড়াপত্তন করতে ওপেনিংয়ে থাকছেন কানাডিয়ান ব্যাটার যুবরাজ শর্মা এবং যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য উইকেটরক্ষক শায়ান জাহাঙ্গীর। আসরে চার ইনিংসে ৩৬ গড়ে ১৪৪ রান তুলে যুবরাজ যেমন দিয়েছেন দৃঢ়তার প্রমাণ, তেমনি তিন ম্যাচে ৩০.৩৩ গড়ে রান তুলে শায়ান প্রমাণ করেছেন নিজের সামর্থ্য।

তাদের সাথে টপ অর্ডারে ইনিংস গড়ার দায়িত্ব সামলাবেন ডাচ ব্যাটার বাস ডি লিড। গ্রুপ পর্ব জুড়েই ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ডি লিড। চার ইনিংসে ব্যাট করতে নেমে প্রায় ৫৩ গড়ে  ১৫৮ রান সংগ্রহ করেছেন তিনি।

মিডল অর্ডারের হাল ধরতে থাকছেন নেপালের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র দীপেন্দ্র সিং আইরি। আসরে চার ম্যাচে ৫৬.৩৩ গড়ে ১৬৯ রান করা দীপেন্দ্র যেকোন বোলিং আক্রমণের জন্যই হয়ে উঠেছেন ত্রাস। এরপর পাঁচ ও ছয় নম্বরে থাকছেন নামিবিয়ার অধিনায়ক জারহার্ড এরাসমাস এবং যুক্তরাষ্ট্রের শুভম রঞ্জনে।

গ্রুপ পর্বে ৭০.৫০ গড়ের অবিশ্বাস্য ধারাবাহিকতা দেখিয়ে ১৪১ রান করা শুভম এই একাদশের মিডল অর্ডারকে দেবে বাড়তি শক্তি। আর অধিনায়কত্বের গুরুদায়িত্বটা ভালোভাবেই সামাল দিতে জানেন এরাসমাস।

 

ফিনিশিংয়ের ভূমিকায় থাকছেন ইতালিয়ান অলরাউন্ডার বেন মানেত্তি। চার ম্যাচে ৪৬ গড়ে ১৩৮ রান করা এই ব্যাটারের নামের পাশে রয়েছে পাঁচটি উইকেটও। সেই সাথে আরও থাকছেন স্কটিশ ব্যাটিং অলরাউন্ডার মাইকেল লিস্ক। ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও স্পিন ঘূর্ণিতে নয় জন ব্যাটারকে ড্রেসিং রুমের পথ দেখিয়েছেন তিনি।

বোলিং বিভাগের নেতৃত্ব দিবেন ভারত কিংবা পাকিস্তানের মতো পরাশক্তিদের বুকে কাঁপন ধরানো মার্কিন বোলার শ্যাডলি শ্যাল্কউইক। মাত্র চার ম্যাচ খেলেই ১৩ উইকেট সংগ্রহ করেছেন তিনি। স্পিন বিভাগে ডাচ বোলার আরিয়ান দত্তের সঙ্গে থাকছেন ইতালিয়ান লেগ স্পিনার ক্রিশান কালুগামাগে।

সব মিলিয়ে সেরা সহযোগী একাদশ: যুবরাজ শর্মা, শায়ান জাহাঙ্গীর (উইকেটকিপার) , বাস ডি লিড, দীপেন্দ্র সিং আইরি, জারহার্ড এরাসমাস (অধিনায়ক), শুভম রঞ্জনে, বেন মানেত্তি, মাইকেল লিস্ক, শ্যাডলি শ্যাল্কউইক,আরিয়ান দত্ত এবং ক্রিশান কালুগামাগে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link