ভারতের ভাগ্য ভারতের হাতেই!

ভারতের প্রথম কাজ ছিল জিম্বাবুয়েকে হারানো, সফলভাবেই তা সম্পন্ন হয়েছে। এবার শেষ একটা হিসাব মেলাতে হবে, ওয়েস্ট ইন্ডিজকে হারালেই যে সেমির টিকিট মিলে যাবে। নিজেদের ভাগ্য তাই নিজেদের হাতেই লিখতে হবে সুরিয়াকুমার যাদবের দলকে।

দক্ষিণ আফ্রিকা একপ্রকার ভারতের সেমিফাইনালের সম্ভাবনা নিভিয়ে দিয়েছিল। সেই তারাই আবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের আশা বাঁচিয়ে দিয়েছে। ভারতের প্রথম কাজ ছিল জিম্বাবুয়েকে হারানো, সফলভাবেই তা সম্পন্ন হয়েছে। এবার শেষ একটা হিসাব মেলাতে হবে, ওয়েস্ট ইন্ডিজকে হারালেই যে সেমির টিকিট মিলে যাবে। নিজেদের ভাগ্য তাই নিজেদের হাতেই লিখতে হবে সুরিয়াকুমার যাদবের দলকে।

গ্রুপ পর্বে দাপট দেখানো ভারত প্রথম হোঁচট খায় প্রোটিয়াদের বিপক্ষে। ৭৬ রানের বিশাল পরাজয় সামনে দাঁড় করায় অনেক যদি-কিন্তুর হিসাব। ভাগ্যটা চলে যায় অন্যের হাতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয় ব্যতীত প্রার্থনায় আর কিছুই ছিল না সুরিয়াদের।

আফ্রিকা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ভারতের দিকে। নয় উইকেটে ক্যারিবীয়ান শিবির তছনছ করে ভারতের আশায় প্রাণসঞ্চার ঘটিয়েছে। এরপর হিসাবটা দাঁড়ায় জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ, দুই দলকেই যে হারাতে হবে। প্রথমটা শেষ, এবার অপেক্ষা কোয়ার্টার ফাইনালের।

সুপার এইটে আবার কোয়ার্টার ফাইনাল দেখে ঘাবড়ানোর কিছু নেই। এটা অঘোষিত। যেখানে হিসাবটা খুব সহজ, ওয়েস্ট ইন্ডিজ ও ভারত, দুই দলের মধ্যে যে জিতবে সেই পা রাখবে সেমিতে।

পয়েন্ট টেবিলে একটু তাকালে দুই ম্যাচের দুটোতে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে আফ্রিকা। একটি জিতে ওয়েস্ট ইন্ডিজ এখনও দখলে রেখেছে দুই নম্বর আসন। সমান জয় নিয়ে নেট রান রেটের মারপ্যাঁচে ভারতের অবস্থান তিনে। দুই দলের হাতে একটি ম্যাচ, যেটা জিততেই হবে।

একটা ধোঁয়াশা তবুও আছে। যদি বৃষ্টি এসে ভেস্তে দেয় সবকিছু, তখন কী হবে? যদি বৃষ্টি আসে আর পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয় দুই দলকে, সে ক্ষেত্রে রান রেটে এগিয়ে থাকায় ওয়েস্ট ইন্ডিজই যাবে সেমিতে। তবে সেই সম্ভাবনা একেবারেই নেই। ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। সেখানকার ওয়েদার রিপোর্ট বলছে বৃষ্টির সম্ভাবনা নেই একটুও।

তাই তো হিসাব পানির মতো সহজ। ভারতের হাতেই এখন সবকিছু। নিজেদের সেরাটা দিয়ে কেবল রুখে দিতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। তবেই সরে যাবে শঙ্কার কালো মেঘ। নিজেদের ভাগ্য যে এক অর্থে নিজেদের হাতেই।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link