ভারতীয় ফ্রাঞ্চাইজির দলে পাকিস্তানি আবরার!

ভারতীয় ফ্রাঞ্চাইজি দলে নিয়েছে পাকিস্তানি খেলোয়াড়কে। ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে বেশ সাহসী একটা সিদ্ধান্তই নিয়ে ফেলেছে সানরাইজার্স ফ্রাঞ্চাইজি।

ভারতীয় ফ্রাঞ্চাইজি দলে নিয়েছে পাকিস্তানি খেলোয়াড়কে। ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে বেশ সাহসী একটা সিদ্ধান্তই নিয়ে ফেলেছে সানরাইজার্স ফ্রাঞ্চাইজি। পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদকে দলে নিয়েছে সানরাইজার্স লিডস।

দ্য হান্ড্রেড টুর্নামেন্টের নিলামের আগে পাকিস্তানি খেলোয়াড়দের দল পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। গুঞ্জন ছিল ভারতীয় ফ্রাঞ্চাইজির অধিনস্ত চারটি দলে কোন পাকিস্তানি ক্রিকেটারকে ভেড়ানো হবে না। এতে করে ক্রিকেট বিশ্ব রীতিমত তোলপাড় হয়ে যায়। যদিও এরপর ইংল্যান্ড ও ওয়েলস বোর্ডের নির্দেশনায় পক্ষপাতদুষ্ট কোন সিদ্ধান্ত নেওয়া হবে না- এমন অঙ্গিকার করেছিল ভারতীয় চার ফ্রাঞ্চাইজি।

তবে নিলামে পাকিস্তানি খেলোয়াড়দের প্রতি আগ্রহ দিয়েছে একেবারে ভিন্নধর্মী বার্তা। স্রোতের বিপরীতে হেটেছে কেবল সানরাইজার্স লিডস। পাকিস্তানের স্পিনারকে তারা দলে ভিড়িয়েছে এক লাখ নব্বই হাজার পাউন্ডের বিনিময়ে। আবরারের ভিত্তিমূল্য ছিল ৭৫ হাজার পাউন্ড। এমনকি আবরারকে দলে নেওয়ার জন্য প্রথম আগ্রহ প্রকাশ করে ফ্রাঞ্চাইজিটি।

অর্থাৎ আবরারকে দলে নেওয়ার বিষয়টি আগে থেকেই নির্ধারণ করে নিলামে বসেছিল সানরাইজার্স লিডস কর্তৃপক্ষ। ট্রেন্ট রকেটসও আগ্রহ প্রকাশ করেছিল আবরারকে দলে নেওয়ার জন্য। তাদের সাথেই মূলত দর হাঁকানোর লড়াইয়ে নেমেছিল সানরাইজার্স লিডস। দীর্ঘক্ষণের লড়াইয়ের সমাপ্তিতে জয়লাভ করে ভারতীয় মালিকাধীন ফ্রাঞ্চাইজিটি।

আর তাতেই যেন জন্ম হয়েছে নতুন এক আলোচনার। সাম্প্রতিক সময়ে কলকাতা নাইট রাইডার্স পড়েছিল রোষানলে। বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের কারণ দেখিয়ে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার দাবি ওঠে। রীতিমত তোপের মুখে পড়ে মুস্তাফিজকে বাদ দিতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে।

অন্যদিকে পাকিস্তানের সাথে ভারতের রাজনৈতিক বৈরীতা তো ঐতিহাসিক। এমন পরিস্থিতিতে ভারতীয় ফ্রাঞ্চাইজি পাকিস্তানের একজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে, যদিও তা স্বদেশী কোন টুর্নামেন্টে নয়- তবুও যে সানরাইজার্স ফ্রাঞ্চাইজি রোষানলের মুখে পড়বে না, সে নিশ্চয়তা তো নেই।

উগ্র যেকোন গোষ্ঠী যদি এবার সানরাইজার্সের বিপক্ষে বয়কটের ডাক দেয়, তবে বিপাকে পড়ে যাবে ফ্রাঞ্চাইজিটি। সামনেই যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বেশ সাহসী এক সিদ্ধান্তই নিয়েছে সানরাইজার্স ফ্রাঞ্চাইজি। এর প্রভাব কতটুকু বিস্তর হয়- তা হয়ত সময় গড়ালেই পরিষ্কার হতে শুরু করবে। তবে চিরায়ত বৈরীতার দেয়ালে আঘাত দিয়ে আবরারকে প্রয়োজন বিবেচনায় দলে নেওয়ায় সানরাইজার্স লিডসের সাদুবাদ প্রাপ্য।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link