প্রথম ম্যাচে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয় যেন কপি-পেস্ট করল বাংলাদেশ। বৃষ্টি আইনে ২৪৩ রানের লক্ষ্যে নেমে গুটিয়ে গেল ১১৪ রানে। বাংলাদেশকে ১২৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পাকিস্তান যেন মধুর প্রতিশোধ নিল।
প্রথম ম্যাচের মতোই টস ভাগ্য সঙ্গী হলো বাংলাদেশের, মেহেদী হাসান মিরাজ আগের দিনের সিদ্ধান্তেই ভরসা রাখলেন। তবে পাকিস্তানের দুই ওপেনার এবার পড়াশোনা করেই এসেছিল। মাজ সাদাকাত নিজের আগ্রাসনের পূর্ণ ব্যবহার করলেন, যোগ্য সঙ্গ দিচ্ছিলেন শাহিবজাদা ফারহান। দুজনের জুটি থেকেই পাকিস্তানের স্কোরবোর্ডে যোগ হয় ১০৩ রান।
ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি ফারহান, ৩১ রানেই ফিরে যান। সাদাকাত যখন সাজঘরে ফেরেন ব্যক্তিগত খাতায় যোগ হয়েছে ৪৬ বলে ৭৫ রান।

হাল ধরেন সালমান আলী আঘা এবং মোহাম্মদ রিজওয়ান। দুজনের জুটিতে ভর করে বড় স্কোরের পথেই হাঁটছিল পাকিস্তান। শেষে ২৭৪ রান তোলে তারা। রিশাদ হোসেন বল হাতে তিন উইকেট।
ব্যাটিং উইকেট, এই রান চেজ করার স্বপ্ন দেখা যায়। তবে বিপত্তির শুরুটা হলো শাহীন আফ্রিদির আগুনে বোলিংয়ের হাত ধরে। ১৫ রানেই ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটার। কার্যত জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় সেখানেই। এরপর আসে বৃষ্টি। যেটা বাংলাদেশের ভাগ্যকে কঠিন করে তোলে।
বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ২৪৩ রান। তিন উইকেট হারানো দলটার জন্য যা প্রায় অসম্ভব। সেটাই হলো। লিটন দাস কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ৪১ রান করে। তবে বাকিরা একে একে আত্মাহুতি দেন। তাতেই ১১৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। হারের ব্যবধানটা দাঁড়ায় ১২৮ রানের। সেই সঙ্গে সিরিজে এক–এক সমতা। ১৫ তারিখের ম্যাচটাই নির্ধারণ করবে সিরিজ শিরোপা কার হাতে উঠবে।

Share via:











