মাঠের লড়াইয়ে তিনি তখন নায়ক। ৪৮ বলে ৭৪ রানের টর্নেডো ইনিংসে লাহোর কালান্দার্সকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে ম্যাচসেরার পুরস্কারটা বগলদাবা করেছেন মাত্র কিছুক্ষণ আগে। কিন্তু সেই বিজয়োল্লাসের রেশ কাটতে না কাটতেই সংবাদ সম্মেলনে এক অপ্রস্তুত বাউন্সারের মুখোমুখি হলেন কুশাল মেন্ডিস। প্রশ্নটা ক্রিকেটীয় ব্যাকরণ মেনে নয়, বরং বিদ্ধ করল তার পুরনো এক বিতর্কিত সিদ্ধান্তকে।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালে। সেবার পিএসএলের মাঝপথে ‘নিরাপত্তা জনিত’ কারণ দেখিয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স শিবির ছেড়েছিলেন লঙ্কান এই তারকা। উদ্দেশ্য ছিল জস বাটলারের বদলি হিসেবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানসে যোগ দেওয়া।
কিন্তু ভাগ্য সুপ্রসন্ন হয়নি। আইপিএলে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি, সেখানেও ক্যাচ মিসের দায়ে বিদ্ধ হতে হয়েছিল সমালোচনায়। এমনকি পরের নিলামে কোনো দলই তার প্রতি আগ্রহ দেখায়নি।

শনিবার করাচিতে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ঠিক এই জায়গাটিতেই আঘাত করেন। তার প্রশ্ন ছিল সোজাসাপ্টা- ‘যে লিগ (পিএসএল) ছেড়ে আপনি চলে গিয়েছিলেন, তারা আপনাকে আবারও বুকে টেনে নিয়েছে। অথচ যে আইপিএলের জন্য গিয়েছিলেন তারা আপনাকে ছুড়ে ফেলেছে। আপনার কি সেই সিদ্ধান্তের জন্য কোনো আক্ষেপ হয়?’
হঠাৎ এমন ব্যক্তিগত ও স্পর্শকাতর প্রশ্নে থমকে যান মেন্ডিস। কোনো উত্তর না দিয়ে কেবল একচিলতে হাসি দিয়ে অস্বস্তি আড়াল করার চেষ্টা করেন তিনি। পরিস্থিতি বেগতিক দেখে পেশোয়ার জালমির মিডিয়া ম্যানেজার দ্রুত মাইক হাতে নিয়ে বলেন, ‘এখানে কেবল পিএসএল সম্পর্কিত প্রশ্নই করা যাবে।’
অতীতের বিতর্ক মাঠের বাইরে থাকলেও, ২২ গজে মেন্ডিস এখন বিধ্বংসী। চলতি মৌসুমে তার ব্যাট যেন এক আগ্নেয়গিরি। ৬০.২৫ গড়ে ২৪১ রান নিয়ে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। করাচি কিংসের বিপক্ষে ৫২ বলে খেলা সেই ১০৯ রানের মহাকাব্যিক ইনিংসটির কথা আলাদা করে বলতেই হয়।

অতীতের সেই ‘আইপিএল মোহ’ কিংবা নিরাপত্তা অজুহাতে লিগ ছাড়ার গ্লানি মেন্ডিসকে ব্যক্তিগতভাবে কতটা পোড়ায় তা জানা না গেলেও, মাঠের পারফরম্যান্সে তিনি বুঝিয়ে দিচ্ছেন – তিনি ফিরতে এসেছেন, এবং সেটা রাজকীয়ভাবেই।











