প্রথম চার ম্যাচের চারটিতেই হার। একেবারে জিততে ভুলে যাওয়া হায়দ্রাবাদ কিংসম্যান অবশেষে ঘুরে দাঁড়িয়েছে। ইসলামাবাদ ইউনাইটেডকে পর্যুদস্ত করে টানা দুই জয় তুলে নিয়েছে। সেই সাথে পাকিস্তানি দর্শকরা পেয়েছে ‘ম্যাক্সি শো’-এর ঝলক!
একবুক স্বপ্ন নিয়ে নতুন দল হায়দ্রাবাদ পা রেখেছিল পিএসএলের ময়দানে। তবে সময় গড়ানোর সাথে সাথে তারা টের পেয়েছে স্বপ্ন আর বাস্তবতার ফারাকটা। প্রথম চার ম্যাচে একটা জয় তাদের কাছে ছিল অধরা।

দলের সাথে যুক্ত আসরের সবচেয়ে বড় তারকা গ্লেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টির এই ফেরিওয়ালা প্রথম পা রেখেছিলেন এই তল্লাটে। তাতেই যেন বদলে গেল পুরো দৃশ্যপট। সেই ম্যাচেই প্রথম জয়ের দেখা পেল হায়দ্রাবাদ। যদিও ম্যাক্সওয়েল শো দেখা হয়নি কারো। সেদিন দুই রানেই ফিরেছিলেন সাজঘরে।
এবার অবশ্য সুযোগ এল, ম্যাক্সওয়েলের ক্যামিও দেখা গেল করাচিতে। এদিন ইসলামাবাদ ইউনাইটেডের বেঁধে দেওয়া ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নামে হায়দ্রাবাদ। শুরুতেই ম্যাচের লাগাম টেনে নেয় তারা। কাপ্তান মার্নাস লাবুশানে শান্ত মেজাজে একটু একটু করে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন দলকে। ব্যাট থেকে আসে ৬১ রান।

শেষদিকে যোগ দেন ম্যাক্সওয়েল। দুই অজি পাওয়ার হাউস মিলে বাকি কাজটা সেরে ফেলেন অনায়াসে। দুই ছক্কা আর এক চারে নয় বলে ২১ রানের ক্যামিও আসে ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। তাতেই ১১ বল আর ছয় উইকেট হাতে রেখে জয়ের বন্দরে তরী ভেড়ায় হায়দ্রাবাদ।
Share via:











