বাংলাদেশ ক্রিকেটের খবর যারা রাখেন তাঁদের কাছে নিশ্চয়ই আবদুল গাফফার সাকলাইন নামটি অপরিচিত নয়। ঘরোয়া ক্রিকেটে প্রতিভার চিহ্ন রাখা এই ২৮ বছর বয়সী অলরাউন্ডারকে এবার দেখা যাবে লাল-সবুজের জার্সিতে। নিউজিল্যান্ডের সাথে টি-টোয়েন্টি সিরিজে দলে ডাক পেয়েছেন তিনি।
২০২৩ সালের এশিয়ান গেমসে বাংলাদেশের জার্সি গায়ে দিলেও লিটন দাসদের সাথে জাতীয় দলে খেলা হয়নি ২৩ বছর বয়সী রিপন মন্ডলের। নিজের ধারাবাহিকতায় মুগ্ধ করে এবার দলে সুযোগ হয়েছে তাঁরও।
চট্টগ্রামে শেষ ওয়ানডে খেলার পর তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। ২৭ তারিখ থেকে শুরু হতে যাওয়া সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

পেসার তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে। পিএসএলে দারুণ নজর কাড়া নাহিদ রানা আর মুস্তাফিজুর রহমানকেও দলের অংশ করা হয়নি। দু’জনকেই পিএসএলের জন্য ছেড়ে দেওয়া হয়েছে।
পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন কিংবা শরিফুল ইসলাম, পিএসএলে খেললেও তাঁদেরকে রাখা হয়েছে দলে। পিএসএলে অভিষেকের অপেক্ষায় থাকা তানজিদ হাসান তামিমের নামও স্কোয়াডে। পিএসএল থেকে ইনজুরি নিয়ে ফেরা ইমনের ফিটনেসের ব্যাপারে গ্রিন সিগন্যাল পেয়েছেন নির্বাচকরা।
এসব বাদ দিলে সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজে দলে থাকা বেশিরভাগ ক্রিকেটারকেই রাখা হয়েছে দলে। সাকলাইন কিংবা রিপন ছাড়া লিটনের দলে নতুন মুখ নেই আর। পরিচিত মুখদের নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

- বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন ও আবদুল গাফফার সাকলাইন।










